গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৩১ অক্টোবর বিকেল নাগাদ ভারতের উত্তর তামিলনাড়ু এবং তৎসংলগ্ন অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া বিভাগ এই পূর্বাভাস দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে।আবহাওয়া বিভাগ জানায়, গতকাল সোমবার বিকেল নাগাদ গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ১৫৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপ এলাকায় সাগর উত্তাল রয়েছে।আবহাওয়া বিভাগের সতর্কবার্তায় গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীরে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।