গভীর রাতে কনকনে শীতে বিল তুলতে কৃষকের সারি
তখনো সকাল হয়নি। পৌষের কনকনে ঠান্ডা। কুয়াশায় ঢেকে আছে রাজশাহী চিনিকলের আঙিনা। এর মধ্যে শতাধিক আখচাষি এসে সারিতে দাঁড়িয়েছেন। সবার হাতে বিল। আখ বিক্রি করেছেন, বিল তুলতে পারেননি। কেউ ছয় দিন পর্যন্ত এসে ঘুরে গেছেন। বিল পাননি।চাষিদের অভিযোগ, প্রায় দেড় মাস আগে রাজশাহী চিনিকলের মাড়াই মৌসুম শুরু হয়েছে। কিন্তু ঠিকমতো চাষিদের আখের দাম পরিশোধ করা হচ্ছে না। সপ্তাহের শুক্র, শনি, সোম ও বুধবার আখচাষিদের বিল পরিশোধ করা হয়। পর্যাপ্ত টাকা না থাকার কথা বলে অল্প কয়েকজন চাষিকে বিল দিয়ে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। খোঁজ নিয়ে তাঁরা জেনেছেন, প্রতিদিন ১০ লাখ টাকার বিল পরিশোধ করা হয়। কাউন্টারে এই পরিমাণ টাকার হিসাব তাঁরা পান না। এই টাকার একটা অংশ প্রধান কোষাধ্যক্ষ, একাংশ কাউন্টারের লোক ও একাংশ চিনিকল গেটের সিআইসি আগেই নিয়ে নেন। পরে বিলপ্রতি ১০০ টাকা করে কমিশন নিয়ে তাঁরা কৃষকদের বিল কিনে নেন।গতকাল শনিবার ভোরে চিনিকলে গিয়ে দেখা যায়, কাউন্টারের সামনে শতাধিক আখচাষির সারি। কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউ চট পেতে ও কেউ ইট পেতে বসে রয়েছেন। কাউন্টারের জানালার সঙ্গে আট-দশটি তালা ঝোলানো। চাষিরা বলেন, এগুলো স্থানীয় প্রভাবশালীদের ‘সিরিয়াল’। তালার মালিকেরা বাড়িতে ঘুমাচ্ছেন। ঠিক অফিস খোলার সয়ম এসে তালার সিরিয়াল ধরে টাকা নিয়ে যাবেন। তারপর বাকি চাষিদের দেওয়া হবে। সারির একেবারে সমঞ্চুখভাগে চট পেতে বসে ছিলেন আবদুল হামিদ (৬২)। তাঁর বাড়ি পবা উপজেলার শাহাপুর পশ্চিমপাড়ায়। তিনি বলেন, আগে দুই দিন এসে ফিরে গেছেন। তাই আজ রাত ১২টা থেকেই এসে বসেছেন। পবা উপজেলার কুখণ্ডি গ্রাম থেকে রাত তিনটায় এসে সারিতে দাঁড়িয়েছেন ৬৫ বছরের হারুন অর রশিদ। তিনি বলেন, এর আগে ছয় দিন এসে টাকা না পেয়ে ফিরে গেছেন।পবার বাখরাবাজ এলাকার আবুল কালাম বলেন, তাঁরা হিসাব করেছেন ১০ লাখ দিলে কমবেশি ১২৫ জন চাষি টাকা পাবেন। কিন্তু গত শুক্রবার প্রায় ৮০ জনকে টাকা দেওয়ার পর কাউন্টারের কোষাধ্যক্ষ বলছে, টাকা শেষ। তখন চাষিরা টাকার হিসাব মিলিয়ে না দিলে বাইরের দরজায় তালা দেওয়ার হুমকি দিলে তিনি গেটের সিআইসির কাছ থেকে টাকা এনে কয়েকজনকে দিয়ে চাষিদের শান্ত করেন।দুর্গাপুরের আমজাদ হোসেন বলেন, চিনিকলে আখ মাড়াই শুরুর পর থেকে তিনি ১০ গাড়ি আখ দিয়েছেন। তাঁর ১০টি বিলের মধ্যে ঋণের জন্য তিনটা বিলের টাকা কেটে নেওয়া হয়েছে। বাকি বিলের জন্য তিনি সেই থেকে ঘুরছেন। তুলতে পারেননি। ধান বিক্রি করে আখ কাটা শ্রমিকের খরচ দিচ্ছেন। ধানের তো দাম নেই। ঘুরতে ঘুরতে আজ রাত তিনটায় এসে দাঁড়িয়েছেন।চিনিকলের ব্যবস্থাপক (কৃষি) আনোয়ার হোসেন বলেন, চিনিকলে টাকার সংকট রয়েছে। তাঁদের এ পর্যন্ত ১০ কোটি টাকার আখের বিল হয়েছে। এর মধ্যে তাঁরা পেয়েছেন ছয় কোটি টাকা। এই টাকা প্রতি সপ্তাহে দেড় কোটি টাকা করে আনুপাতিক হারে সব ক্রয়কেন্দ্রে বণ্টন করছেন। নির্ধারিত তারিখে চাষিদের এই টাকা দেওয়া হয়। কোষাধ্যক্ষের বিরুদ্ধে বিলের টাকা রেখে দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি জানান, একবার এ ধরনের অভিযোগ এসেছিল। তারপর থেকে ব্যবস্থাপনা পরিচালক কঠোর নির্দেশ দিয়েছেন। টাকার বাক্স খালি করে চাষিদের দেখিয়ে কাউন্টার ছাড়তে হবে।