গভীর রাতে কিশোরীকে দেখতে গিয়ে...

গভীর রাতে দুই বন্ধুকে নিয়ে কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণ গ্রামবাসীর পিটুনির শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ ওই তরুণকে উদ্ধারে গেলে গ্রামবাসী উত্তেজিত হয়ে তাদেরও অবরুদ্ধ করে। গতকাল রোববার দিবাগত রাতে রাজশাহীর পুঠিয়ায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পুলিশ ওই তরুণ, তাঁর দুই বন্ধু ও কিশোরীকে আটক করে থানায় নিয়ে যায়। তরুণের নামে একটি ধর্ষণের মামলা হয়েছে। দুই বন্ধুসহ ওই তরুণকে আজ আদালতে সোপর্দ করা হয়। আর কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও পুঠিয়ার ধোপাপাড়া গ্রামের হায়দার আলীর সঙ্গে মুঠোফোনে পাশের গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই কিশোরী একজন স্কুলছাত্রী। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে হায়দার ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। এ সময় দুই বন্ধু নাদিম মোস্তফা ও রবিন হোসেনও তাঁর সঙ্গে ছিল। তাঁরা বাইরে অপেক্ষা করছিলেন।
ওই কিশোরী ও পুলিশ সূত্রে জানা যায়, হায়দার ওই কিশোরীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। এ সময় তাঁর দুই বন্ধু পাশের বাজারে অপেক্ষায় ছিলেন। তবে ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন হায়দার ও তাঁর দুই বন্ধুকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুঠিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিতে চাইলে গ্রামবাসী বাধা দেয়। গ্রামবাসী এ সময় পুলিশকে জানায়, সকালে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে বিচার হবে। তবে পুলিশ মানতে না চাইলে গ্রামবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মসজিদের মাইক থেকে পুলিশকে প্রতিহত করতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানানো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামের লোকজন পুলিশের গাড়ির হাওয়া ছেড়ে দিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিপেটা করে বিক্ষুব্ধ গ্রামবাসীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। ভোরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হায়দারকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া এই ঘটনায় ওই কিশোরীর বাবা ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন।
রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুঠিয়া থানা-পুলিশের পক্ষ থেকে আরও একটি মামলা দায়ের করা হবে। ওই মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হবে।