
ঘড়ির কাঁটা বলছে, তখন রাত সাড়ে ১১টা। কিন্তু শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে তখন রীতিমতো ভরদুপুরের ব্যস্ততা। মার্কেটে ঢুকতেই রঙিন আলোর রোশনাইয়ে চোখ জুড়াল। মন জুড়াল মার্কেটের ভেতরে শত শত মানুষের উপস্থিতি দেখে। উৎসবমুখর পরিবেশে মানুষ কেনাকাটা করছে। পোশাকের দোকান থেকে শুরু করে খাবার কিংবা সেলুন—সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা। অডিও ক্যাসেটের দোকান থেকে ভেসে আসছে গান।
আজিজ মার্কেট থেকে বেরিয়ে এলিফ্যান্ট রোডে গিয়ে মিলল তুলনামূলক বেশি মানুষের উপস্থিতি। রাত সাড়ে ১২টায় বাটা সিগন্যালে নানা রকম যানবাহনের দীর্ঘ সারি। জুতার দোকানগুলোতে শত শত ক্রেতার সমাগম।
গত বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে দেখা গেল, ভোর পর্যন্ত ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ। পাড়া-মহল্লার ছোটখাটো দোকান থেকে শুরু করে নগরের অভিজাত বিপণিকেন্দ্রগুলোতে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটার মহোৎসব।
দরজায় কড়া নাড়ছে ঈদ। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। কেনাকাটা, ঘরে ফেরার টিকিট সংগ্রহ, যাত্রার প্রস্তুতি—এসব নিয়ে আসন্ন ঈদের আয়োজনও প্রায় শেষ করে এনেছেন সবাই। হাতে সময় কম। তার ওপর দিনে কেউ চাকরি, কেউ নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। অনেকে আবার রোজা রেখে দিনে ঘোরাঘুরি পছন্দ করেন না। তাই সুযোগ বুঝে সন্ধ্যায় ইফতার সেরে ধীরেসুস্থে বেরিয়ে পড়েন কেনাকাটায়। অনেকে আবার যানজটের ঝকমারি থেকে বাঁচতে রাতে বের হন।
রাজধানীবাসীর কেনাকাটার অন্যতম প্রিয় জায়গা মৌচাক মার্কেট, নিউমার্কেট ও গাউছিয়া। গত বুধবার রাতে নিউমার্কেট, গাউছিয়া, নূর ম্যানশন, চাঁদনী চক, ইসমাইল ম্যানশন ও ধানমন্ডি হকার্স মার্কেটে বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত—সবাই কেনাকাটা করছেন কম-বেশি। অন্যদিকে গুলশানে উচ্চবিত্তরা মধ্যরাতে কেনাকাটা করছেন। তরুণ-তরুণীদের বড় একটি অংশ ভিড় করছেন আজিজ সুপার মার্কেটে। এ মার্কেটের বাবুই ফ্যাশন দুনিয়ার কর্ণধার কাদের বাবু জানালেন, দিনের তুলনায় রাতে ক্রেতা সমাগম বেশি হচ্ছে। ১৫ রমজান থেকেই ক্রেতাদের এই ভিড়। চলবে ঈদ পর্যন্ত।
গুলশানের একটি অভিজাত বিপণি কেন্দ্রে ঈদের জামা কিনতে এসেছিলেন সিনথিয়া তানভীর। সঙ্গে স্বামী তানভীর রানা। এ দম্পতি এসেছেন পুরান ঢাকার জিন্দাবাহার এলাকা থেকে। এত দূর থেকে কেনাকাটা করতে রাতে গুলশানে এসেছেন কেন এমন প্রশ্নে সিনথিয়া বলেন, ‘সারা দিন রোজা রাখায় শরীর ক্লান্ত হয়ে পড়ে। তা ছাড়া দিনে গাড়ি নিয়ে পুরান ঢাকা থেকে বের হওয়া খুব ঝামেলার। এসব এড়াতে রাতে চলে এসেছি শাড়ি কিনতে।’
দিনের তুলনায় সন্ধ্যায় রাজধানী সুপার মার্কেটসহ পলওয়েল সুপার মার্কেট, মৌচাক, মালিবাগ, শান্তিনগর ও বেইলি রোডে কেনাকাটা বাড়ে বলে জানিয়েছেন দোকানিরা। রাজধানী সুপার মার্কেটের নীলা ক্লথ স্টোরের শামসুল হক মৃধা জানান, সন্ধ্যার পর এই মার্কেটে ঈদের বাজার বেশি জমে। তিনি জানান, সারা দিন তাঁর দোকানে যা কেনাবেচা হয়, সন্ধ্যার পর তার চেয়ে বেশি হয়। প্রতিদিন রাত একটা পর্যন্ত এই মার্কেটে কেনাবেচা চলে। বেশির ভাগ দিন দোকানে সেহ্রি খেয়ে বাড়ির দিকে রওনা হন।
সব বিপণিবিতানেই ক্রেতারা বলেছেন, রাতে তাঁরা স্বচ্ছন্দে, নির্ভয়ে কেনাকাটা করতে পারছেন। রাতে পুরান ঢাকার স্বামীবাগ থেকে বেইলি রোডে এসেছিলেন গৃহবধূ সিগমা ইসলাম। সঙ্গে থাকা স্বামী তৌহিদুল ইসলাম বলেন, অন্যান্য সময় রাত ১১টার পরে বাসা থেকে বের হওয়ার সাহসই পেতাম না। এখন স্ত্রীকে নিয়ে ঘুরেফিরে বাজার করছি। বেশ লাগছে।’
ঢাকা মহানগর পুলিশের (গণমাধ্যম শাখা) উপকমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, নগরবাসীর মধ্যরাতের কেনাকাটার কথা চিন্তা করে ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপণিকেন্দ্রগুলোর আশপাশে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিপণিকেন্দ্রগুলোতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কাজের ব্যস্ততা, যানজট ছাড়াও দিনে শপিংয়ে বের হওয়ার বিষয়ে আরেকটি বাধা আছে। শ্রাবণ মাসে বৃষ্টি না হলে দিনের বেলায় সূর্যের যথেষ্ট উত্তাপ থাকে। আজিজ সুপার মার্কেটে সানারপাড় এলাকা থেকে আসা ব্যাংক কর্মকর্তা পলাশ খান বললেন, দিনের বেলা তীব্র গরম ও যানজটের কারণে আসতে পারি না। তাই রাতে কেনাকাটা করতে এসেছি। আর রাতে ঈদের কেনাকাটা করতে আলাদা মজা আছে উল্লেখ করে তাঁরা বলেন, ঈদের কাছাকাছি সময়ে দিন-রাতের কোনো পার্থক্য নেই।