গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম
বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গিলাতলী গ্রামে সোমবার গভীর রাতে তাসলিমা বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত সিঁদ কেটে হেলালের ঘরে ঢুকে তাঁর স্ত্রী তাসলিমাকে শ্লীলতাহানি করে এবং এলোপাতাড়ি কোপায়। তাসলিমার ননদ জাকিয়া বেগম বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের সন্দেহ।’ প্রতিবেশী মানিক মিয়া বলেন, তাসলিমার চিৎকার শুনে রাত পৌনে দুইটার দিকে গিয়ে দেখেন, ঘরের দরজা খোলা এবং তাসলিমা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। জাকিয়া বেগম জানান, হেলালের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষ ইন্ধন দিয়ে হেলালকে একটি নারী নির্যাতন মামলায় জড়ালে তিনি গত ২০ এপ্রিল গ্রেপ্তার হন। বর্তমানে তিনি জেলহাজতে।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে গতকাল দুপুর পর্যন্ত এ বিষয়ে কেউ মামলা করতে আসেনি।