গভীর রাতে ঘাটে নামিয়ে দেওয়ায় ভোগান্তি
স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করার জন্য ঢাকা থেকে নৌপথে কয়েক লাখ যাত্রী বরিশাল লঞ্চঘাট হয়ে বিভিন্ন স্থানে যান। কিন্তু ঘরমুখো এসব যাত্রীকে সকালের পরিবর্তে রাত তিনটায় লঞ্চঘাটে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদের সময় অতিরিক্ত ভাড়া দেওয়ার পরও এভাবে দুর্ভোগ পোহাতে হয় বলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল নৌপথে বেসরকারি ৮-১০টি বিলাসবহুল লঞ্চের পাশাপাশি সরকারিভাবে পাঁচটি জাহাজ চলাচল করে। এতগুলো লঞ্চ ও জাহাজ চলাচল করার পরও যাত্রীদের দুর্ভোগ কমছে না। মধ্যরাতে বরিশাল ঘাটে পৌঁছামাত্র সব লঞ্চযাত্রীকে নেমে যেতে বাধ্য করা হয়। যাত্রীদের অভিযোগ, রাতে লঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ফলে পরিবারের সদস্য ও শিশুসন্তানদের নিয়ে সকাল হওয়া পর্যন্ত ঘাটেই অপেক্ষা করতে হয়। লঞ্চমালিকেরা অতিরিক্ত মুনাফার লোভে যাত্রীদের নামিয়ে দেন। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। বেশি লাভের আশায় তাঁরা যাত্রীদের জিম্মি করে ফেলেছেন। ঢাকা থেকে আসা কেবিনযাত্রী শাহজাহান অভিযোগ করে বলেন, ‘ভাড়াও দিলাম এক হাজার ৫০০ টাকা, আবার রাত তিনটার সময় নামিয়ে দেওয়া হলো। এই গভীর রাতে মালামাল নিয়ে কোথাও যাওয়া যায় না।’বরিশাল লঞ্চমালিক সমিতি সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চে ডবল (দুই শয্যার) কেবিনের ভাড়া ৯০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা, ৫০০ টাকার সিঙ্গেল কেবিন (এক শয্যার) ৭০০ বা ৮০০ এবং ডেকের ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী উপমহাব্যবস্থাপক গোপাল মজুমদার বলেন, ঈদ সামনে রেখে পাঁচটি জাহাজ নিয়মিত চলাচল করবে। এর মধ্য থেকে একটি জাহাজ ডবল ট্রিপ (দুইবার) চলাচল করবে। বিশেষ সার্ভিস ২২ নভেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ বলেন, ঈদের সময় লঞ্চগুলো দ্রুত যাত্রীদের নামিয়ে দিয়ে চলে যায়। তবে ওই সব যাত্রীর জন্য বন্দর ভবনে বসার ব্যবস্থা করা হয়েছে।