বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। একপর্যায়ে তাঁরা ধর্মঘটেরও ডাক দেন। পরে পরিচালকের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
শিক্ষানবিশ চিকিৎসক অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাজিদুল করিম বলেন, বৃহস্পতিবার রাতে শিক্ষানবিশ চিকিৎসক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক তুহিন সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজের এক অনুষ্ঠানে যোগদান শেষে রিকশায় করে মেডিকেল কলেজে ফিরছিলেন। তাঁরা কলেজের পেছনের গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি দল মোটরসাইকেলে করে এসে তাঁদের ওপর হামলা চালায়। দুজনকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনার পর রাত পৌনে একটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তালা লাগিয়ে সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
সাজিদুল করিম বলেন, ‘ছাত্রলীগের প্রতিপক্ষ কর্মীরা এ হামলা চালিয়েছেন। এর প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। পরে পরিচালকের আশ্বাসে রাত দুইটার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।’