গভীর রাতে ঢাকা মেডিকেলে ব্যাপক ভাঙচুর, তদন্তকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পাবনার সুজানগর থেকে চোখে আঘাত নিয়ে আসা মাসুদ রানা নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করা নিয়ে কর্মচারীদের সঙ্গে বাগিবতণ্ডার জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার পর এ ভাঙচুর চালানো হয়।

অভিযোগ রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী এই ভাঙচুর চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রাত পৌনে দুইটার দিকে মাসুদকে প্রথমে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে পাঠানো হয় চক্ষু বিভাগে। ওই বিভাগের চিকিৎসকেরা তাঁকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহীন নিজেকে রোগীর আত্মীয় দাবি করে মাসুদকে ভর্তি করাতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহীন কর্তব্যরত কর্মচারীকে চড় মারেন। কর্মচারী তাঁকে মারতে উদ্যত হলে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে রোগীকে জরুরি বিভাগে এনে তাঁকে ভর্তির জন্য চিকিৎসককে চাপ দেন শাহীন। জরুরি বিভাগের ওই চিকিৎসক শাহীনকে নিউরোসার্জারি (স্নায়ু ও শল্য) বিভাগে স্থানান্তর করেন। 

ওই বিভাগের চিকিৎসকেরা জানান, রোগীর নিউরোসার্জারি-সংক্রান্ত কোনো সমস্যা নেই। তাঁকে ভর্তি করা যাবে না। এরপর শাহীন ও মাসুদ আবার জরুরি বিভাগে আসেন এবং ভর্তি না করায় ক্ষুব্ধ হন। একপর্যায়ে কর্মচারীদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়।

পরে শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হলে ফোন করে জানান, জরুরি বিভাগের কর্মচারীরা তাঁকে এবং শহীদুল্লাহ হলের এক ছাত্রকে আটকে রেখেছেন। এ খবর পেয়ে ওই দুটি হল থেকে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীরা এসে জরুরি বিভাগে ঢোকেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীরা জরুরি বিভাগ ছেড়ে নিরাপদ দূরত্বে যান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একে একে ওই বিভাগের অন্তত ১২টি কক্ষ ভাঙচুর করেন। এরপর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মাসুদকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ রানার ভাই মিলন বলেন, শাহীন তাঁদের আত্মীয় নন, তাঁরা তাঁকে চেনেন না। তিনি কেন চিকিৎসকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন, তা-ও তিনি জানেন না। 

ভাঙচুরের ঘটনায় গতকাল হাসপাতালের সহকারী পরিচালক খাজা গফুর আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের আবাসিক সার্জন হরিদাস সাহা বলেন, শাহীন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। জরুরি বিভাগের সিসি (ক্লোজ সার্কিট ক্যামেরা) ক্যামেরায় ধারণ করা ছবিতে দেখা গেছে, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হামলায় অংশ নিয়েছেন। তবে এক হাসপাতালের কর্মচারী দাবি করেন, হামলাকারীদের কয়েকজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।  হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহমান বলেন, ভাঙচুরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া সাপেক্ষে মামলা করা হবে।