গভীর রাতে বসে জাটকার বাজার
নভেম্বর থেকে মে মাস পর্যন্ত নদীতে জাটকা ধরা নিষিদ্ধ হলেও অবাধে পদ্মা ও মেঘনা নদীতে জাটকা আহরণ করা হচ্ছে। শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার ১১টি স্থানে গভীর রাতে এসব জাটকার বাজার বসছে।ইলিশ মাছের অভয়াশ্রম এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ সময়ে দরিদ্র জেলেদের পুনর্বাসনে সহায়তা দিচ্ছে সরকার।শরীয়তপুর জেলা মৎস্য কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, ওয়াপদা, ভেদরগঞ্জ উপজেলার দুলারচর, কাচিকাটা, তারাবুনিয়া, নরসিংহপুর, গোসাইরহাট উপজেলার চরজালালপুর, কুচাইপট্টি, মাঝের চর, চরজানপুর ও কোদালপুর এলাকায় গভীর রাতে জাটকার হাট বসে। পদ্মা ও মেঘনা নদী থেকে এ জাটকা আহরণ করা হয়। রাত দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত এসব বাজারে জেলেরা জাটকা নিয়ে আসেন।গোসাইরহাট উপজেলার চরজানপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী শামীম আহম্মেদ বলেন, জেলেদের বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় তাঁরা জাটকা ধরছেন। পুলিশের অভিযানের ভয়ে রাতে জাটকা বিক্রি করা হয়।নাম প্রকাশ না করার শর্তে তারাবুনিয়া গ্রামের এক জেলে বলেন, ‘আমরা দরিদ্র মানুষ নদীতে মাছ ধরে সংসার চালাই। এলাকায় বিকল্প কোনো কাজ না থাকায় নিষেধ থাকা সত্ত্বেও বাধ্য হয়ে জাটকা ধরতে হয়।’গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা বলেন, ‘জাটকা ধরা ও বিক্রি বন্ধের জন্য আমরা অভিযান চালাচ্ছি। কয়েক দিন আগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার ব্যক্তিকে জাটকা ধরার অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিছু কিছু স্থানে রাতের বেলায় জাটকা বিক্রি হয়। দ্রুতগতির নৌযানের অভাবে নিয়মিত অভিযান পরিচালনা করতে পারছি না।’জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা জাটকা ধরা ও বিক্রি বন্ধ করার উদ্যোগ নিয়েছি। গত কয়েক দিনে অভিযান চালিয়ে যে জাটকা উদ্ধার করা হয়েছে, তা বিক্রি করে নয় লাখ টাকা রাজস্ব খাতে জমা দিয়েছি।’