গভীর রাতে রক্ষা পেল ৪০০ লঞ্চযাত্রী
মাঝ নদীতে তলা ফেটে লঞ্চের ভেতরে পানি ঢুকলেও বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে এমভি কোকো-১-এর প্রায় ৪০০ যাত্রী। গত বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে তলা ফেটে যাওয়ার পর দ্রুত লঞ্চটি কাছের একটি ঘাটে ভেড়ানো হয়। পরে ঢাকা থেকে আরও একটি লঞ্চ এসে যাত্রীদের গন্তব্যে নিয়ে যায়।মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালের পাতারহাটগামী এমভি কোকো-১ বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঝড়ের কবলে পড়ে। এ সময় লঞ্চটি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অবস্থান করছিল। ঝড়ের তীব্রতা বাড়তে থাকায় লঞ্চটিকে দ্রুত কাছাকাছি ঘাট কাঠপট্টিতে ভেড়ানো হয়।পুলিশের ভাষ্যমতে, ঘণ্টা খানেক পর ঝড় থেমে গেলে লঞ্চটি আবার পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। কিন্তু একটু এগোনোর পরই তলা ফেটে যাওয়ার বিষয়টি টের পাওয়া যায়। লঞ্চের ভেতরে পানি ঢুকতে শুরু করায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। এরপর লঞ্চটিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকার একটি সিমেন্ট কারখানার জেটিতে ভেড়ানো হয়।পরে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে এমভি কোকো-৫ নামের আরও একটি লঞ্চ এসে দুর্ঘটনাকবলিত যাত্রীদের নিয়ে পুনরায় গন্তব্যে রওনা হয়।