পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গভীর রাতে শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ, ভাঙচুর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত রোববার রাতে ছাত্রশিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা গভীর রাত পর্যন্ত বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নিয়ন্ত্রণে থাকা কক্ষগুলোতে তল্লাশিসহ দুটি কক্ষের আসবাব ভাঙচুর করেন ও সেগুলো পুড়িয়ে দিয়েছেন।জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে জড়ো হন। তাঁরা রাত আটটার দিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তাঁরা পথসভা করেন। পথসভায় বক্তব্য দেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার ও আরিফুর রহমান, শেরেবাংলা ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম, এম কেরামত আলী ছাত্রাবাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। বক্তারা ক্যাম্পাস থেকে ছাত্র শিবিরের নেতা-কর্মীদের বিতাড়িত করার দাবি জানান। এই অবস্থায় ছাত্র শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত ছাত্রলীগের কর্মীরা শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নিয়ন্ত্রণে থাকা কক্ষগুলোতে তল্লাশি শুরু করেন। রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এই তল্লাশি চলে। এ সময় শেরেবাংলা ছাত্রাবাসের ৩০৭ ও ৪১২ নম্বর কক্ষের আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়। পরে তা বাইরে এনে পুড়িয়ে দেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন উপস্থিত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের শান্ত করেন। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের রক্ষায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে শিবিরের নেতা-কর্মীরা গভীর রাতে ক্যাম্পাসে গোপন বৈঠক করে আসছেন। তাই শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে বিক্ষোভ ও পথসভা করে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। তবে শিবিরের কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে সাধারণ কর্মীরা হয়তো কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ‘রাতেই ছাত্রনেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। কোনো অবস্থাতেই ক্যাম্পাসে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।’