গভীর রাতে সংস্কার দেখতে সড়কে মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা ৫৬ মিনিট। কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতালের উল্টো দিকে চেয়ার পেতে বসে আছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক। তাঁর সঙ্গে আছেন করপোরেশনের কর্মচারী ও দলীয় নেতা-কর্মীরা।
মেয়রের সামনেই চলছিল বাগিচাগাঁও-রেলস্টেশন সড়কের খানাখন্দে খোয়া ফেলা ও বিটুমিন ঢালাইয়ের কাজ। গত বুধবার রাতে সরেজমিনে এ দৃশ্য দেখা গেল।
করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সূত্রে জানা যায়, গত কয়েক দিনের বৃষ্টিতে কুমিল্লা নগরের বেশির ভাগ সড়কেই গর্ত তৈরি হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়াসহ ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। এ অবস্থায় ঈদ সামনে রেখে মেয়র মনিরুল হক নগরের সড়কগুলো মেরামতের উদ্যোগ নেন। গত কয়েক দিন তিনি নিজে উপস্থিত থেকে কান্দিরপাড় থেকে রানীরবাজার সড়ক (এলজিইডি সড়ক) সংস্কারের কাজ করিয়েছেন।