কোনো কারণ ছাড়াই গভীর রাতে নির্বাচন স্থগিত ঘোষণার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন পাবনা চিনিকলের সিবিএর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।
গতকাল শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদীর কালিকাপুরে পাবনা চিনিকলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে প্রার্থীরা নির্ধারিত তারিখেই নির্বাচন করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিবিএর সভাপতি প্রার্থী ইব্রাহিম হোসেন। অন্যদের মধ্যে সভাপতি বাবু আলম, সাধারণ সম্পাদক আশরাফ আশরাফুজ্জামান ও আবদুল লতিফসহ ৪৫ জন প্রার্থী এ সময় উপস্থিত ছিলেন।
প্রার্থীরা জানান, ২৭ জানুয়ারি পাবনা চিনিকলের ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু গত শুক্রবার রাত দুইটার দিকে চিনিকলের উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) ও প্রধান নির্বাচন কমিশনার সায়েদুর রহমান ‘মিলে চরম উত্তেজনার’ অজুহাতে নির্বাচন স্থগিত করে নোটিশ টাঙিয়ে দেন।
সায়েদুর রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় পাবনা জেলা প্রশাসকের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।
তবে পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন জানান, নির্বাচন স্থগিতের জন্য তিনি কাউকে কোনো নির্দেশ দেননি।