গভীর রাতেও উৎসবমুখর ঢাকা

রাস্তায় যানজট। ট্রাফিক পুলিশের ছুটোছুটি। পরিচ্ছন্নতাকর্মীদের ঝাড়পোঁছ। নিরাপত্তারক্ষীদের বাঁশি বেজেই চলেছে। মানুষ আসছে স্রোতের মতো। এ হলো ঈদের আগে গভীর রাতে রাজধানীর বিপণিবিতানগুলোর দৃশ্য। ঈদ কাছে আসার সঙ্গে সঙ্গে ব্যস্ততাও বাড়ছে পাল্লা দিয়ে।
রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, খিলগাঁও, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, বেইলি রোড, মিরপুর বেনারসিপল্লি, বসুন্ধরা শপিং মলসহ বিভিন্ন বিপণিবিতানে গত সোমবার রাতে প্রথম আলো ডটকমের প্রতিবেদকেরা কথা বলেন ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে। ক্রেতাদের অনেকেই বলেছেন, দিনের বেলা অফিস-আদালত থাকে, তাই রাতই কেনাকাটার জন্য ভালো। অনেকে আবার যানজটের ঝকমারি থেকে বাঁচতে রাতে বের হন। বিক্রেতারা বলেছেন, যতক্ষণ ক্রেতা আছেন, ততক্ষণ তাঁরা আছেন। ঈদের আগে পর্যন্ত এভাবেই থাকবেন।
রাজধানীবাসীর কেনাকাটার অন্যতম প্রিয় জায়গা নিউমার্কেট ও গাউছিয়া। গত সোমবার রাত ১২টার দিকে নিউমার্কেট, গাউছিয়া, নূর ম্যানশন, চাঁদনী চক, ইসমাইল ম্যানশন ও ধানমন্ডি হকার্স মার্কেটে বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে। উচ্চ থেকে নিম্নবিত্ত—সবাই কেনাকাটা করছেন কমবেশি। দোকানিরা জানান, ১০ রমজান থেকেই ক্রেতাদের এই ভিড়। চলবে ঈদ পর্যন্ত।
মিরপুর বেনারসিপল্লিও অনেক রাত পর্যন্ত জমজমাট। গোটা পল্লি বর্ণিল আলোকমালায় সেজেছে। সোমবার রাত ১০টার পর ধানমন্ডি থেকে শাড়ি কিনতে এসেছিলেন মিতালি রহমান। সঙ্গে স্বামী আতাউর রহমান। এত দূর থেকে কেনাকাটা করতে রাতে বেনারসিপল্লিতে এসেছেন কেন—এমন প্রশ্নে মিতালি বলেন, ‘সারা দিন রোজা রাখায় শরীর ক্লান্ত হয়ে পড়ে। তা ছাড়া রয়েছে যানজট। এসব এড়াতে রাতে চলে এসেছি শাড়ি কিনতে।’ মিরপুর বেনারসিপল্লি দোকান মালিক সমিতির সভাপতি কলিমউল্লাহ জানান, সারা দেশ থেকেই ক্রেতা আসছেন এখানে। অন্যান্য সময় রাত আটটা পর্যন্ত বেচাকেনা চলে। তবে এখন রাত ১১টা পার হয়ে যায়। পরিচিত ক্রেতা এলে রাত একটাও বেজে যায়। চাঁদরাতে তিনটা পর্যন্ত দোকান খোলা রাখা হবে বলে তিনি জানান।
মিরপুর ১০ নম্বর গোল চক্কর থেকে পশ্চিমে যেতে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশের দোকানপাট বেশ রাত পর্যন্ত খোলা থাকছে। রাস্তার দুই পাশে নবরূপা, কে ক্র্যার্যাফট, বাংলার মেলা, অঞ্জন’স-এর মতো নামীদামি ব্র্যার্যান্ডের পাশাপাশি আছে স্থানীয় কিছু বুটিক ও জামাকাপড়ের দোকান। রাত প্রায় ১১টা পর্যন্ত ফুটপাতও সরগরম। সব মিলে এখানে যেমন নানা শ্রেণীর দোকান, তেমনি নানা শ্রেণীর ক্রেতার ভিড়। ঈদ সামনে রেখে সারা দিনই চলে বিকিকিনি। তবে জমে ওঠে ইফতারের পর। রাত দশটা-সাড়ে দশটা পর্যন্ত বেশ জমজমাট থাকে। এর পর থেকে ভিড় কমতে থাকে। ১১টা থেকে দোকানগুলো বন্ধ হতে থাকে।
দিনের তুলনায় সন্ধ্যায় মৌচাক, মালিবাগ, শান্তিনগর ও বেইলি রোডে কেনাকাটা বাড়ে বলে জানিয়েছেন দোকানিরা। খিলগাঁও তালতলা সুপার মার্কেটের রঙ্গন পোশাকের বাগানের মালিক খালিদ সাইফুল্লাহ জানান, সন্ধ্যার পর এই মার্কেটে ঈদের বাজার বেশি জমে। তিনি জানান, সারা দিন তাঁর দোকানে যা কেনাবেচা হয়, সন্ধ্যার পর তার চেয়ে বেশি হয়। প্রতিদিন রাত ১১টা পর্যন্ত এই মার্কেটে কেনাবেচা চলে বলে জানান তিনি।
তবে বসুন্ধরা শপিং মলের টম অ্যান্ড জেরি দোকানের মালিক নজরুল হাসান শামীম বলেন, এখন তাঁরা রাত একটা-দুইটা পর্যন্ত দোকান খোলা রাখছেন। তাঁর এখানে দিনেই বেচাকেনা ভালো। তিনি বলেন, ‘রাতে ঘোরাঘুরি বেশি, কেনাকাটা কম।’
নিরাপত্তাব্যবস্থা ভালো: সব বিপণিবিতানেই ক্রেতারা বলেছেন, রাতে তাঁরা স্বচ্ছন্দে, নির্ভয়ে কেনাকাটা করতে পারছেন। প্রায় সব জায়গাতেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিউমার্কেটের মূল ফটকের কাছে স্থাপিত র্যাব-৪-এর অস্থায়ী ক্যাম্পের সদস্য আশরাফ বলেন, ‘পুরো এলাকায় সাদা পোশাকধারী ও পোশাকধারী র্যাব সদস্যরা রয়েছেন। পুলিশের পাশাপাশি তাঁরাও নিরাপত্তা দিচ্ছেন।’ কেউ হয়রানি কিংবা ছিনতাইয়ের শিকার হলে র্যাবকে জানানোর পরামর্শ দেন তিনি। রাতে মহাখালী থেকে বসুন্ধরা শপিং মলে এসেছিলেন গৃহবধূ আসমা আহমেদ। সঙ্গে সন্তান। (রাত ১২টার দিকে) তিনি বলেন, নিরাপত্তাব্যবস্থা এখনো পর্যন্ত ভালো। বসুন্ধরা শপিং মলের বাইরে বসে থাকা কনস্টেবল সালেক শাহ বলেন, ভেতরে-বাইরে মিলিয়ে ৩৬ জন পোশাকধারী পুলিশ নিরাপত্তার দায়িত্বে আছেন। সাদা পোশাকে আছেন আরও কিছু পুলিশ সদস্য।
বিপরীত চিত্র: বসুন্ধরা শপিং মলে রাত প্রায় ১২টার দিকে যখন সারি বেঁধে অর্ধশত ব্যক্তিগত গাড়ি ভেতরে ঢোকার অপেক্ষায়। কাছেই ফুটপাতে তখন অনেক ছাদহীন মানুষ ঘুমোনোর আয়োজন করছেন। তাঁদের অনেকেই ঈদের আগে ঢাকায় এসেছেন কাজ করতে। টাকা জমিয়ে প্রিয়জনের জন্য জিনিস কিনে বাড়ি ফিরবেন। রংপুর থেকে ঢাকায় রিকশা চালাতে আসা মো. ফুল মিয়া তাঁদেরই একজন। তিনি বলেন, স্ত্রী, দুই ছেলে আর এক মেয়ে নিয়ে তাঁর সংসার। সবাইকে কিছু দিতে চান। এখন পর্যন্ত কী কিনেছেন, জানতে চাইলে একগাল হেসে বলেন, ‘কারও জন্য কিছু কিনিনি। শুধু মেয়েটার জন্য সেট কিনিছি, জুতাও কিনিছি এক জোড়া!’
প্রতিবেদন তৈরি করেছেন: শেখ সাবিহা আলম, রিয়াদুল করিম, আবদুল্লাহিল ওয়ারিশ, কমল জোহা খান, আব্দুর রশিদ।