গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান l ছবি: বাসস
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান l ছবি: বাসস

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গতকাল বুধবার গভীর শ্রদ্ধা নিবেদন করেছে আবালবৃদ্ধবনিতা। বরাবরের মতো এবারও ভোর থেকেই রাজধানীর মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। ঢাকার পাশাপাশি সারা দেশেও বিভিন্ন কর্মসূচির ভেতর দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
মিরপুর: ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনপর্ব শুরু হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য ভোর ৬টা ৪৪ মিনিটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৬টা ৫৫ মিনিটে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন, তিন বাহিনীর প্রধান, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সাংসদেরা উপস্থিত ছিলেন।
প্রথমেই রাষ্ট্রপতি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর। রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। তাদের চক্রান্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছেন, জেলা পর্যায় থেকে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা সংগ্রহের কাজ চলছে। আগামী বছর জুলাই মাস থেকে শহীদ বুদ্ধীজীবীদের তালিকা প্রণয়নের কাজ শুরু হবে। এরপরে তা গেজেট আকারে প্রকাশ হবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরে স্মৃতিসৌধে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এরশাদ সাংবাদিকদের বলেন, একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল সাড়ে ১০টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। স্বাধীনতার ৪৫ বছর পরও আজ গণতন্ত্র অবরুদ্ধ।’