চীন অন্য দেশকে নিয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণে রাজি
পায়রা কিংবা সোনাদিয়া বাংলাদেশের যেকোনো জায়গায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে যুক্ত হতে আগ্রহী চীন। বাংলাদেশের গভীর সমুদ্রবন্দরের নির্মাণ-প্রক্রিয়ায় যেকোনো দেশকে সঙ্গে নিয়ে কাজ করতে রাজি আছে দেশটি।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিকাব টক অনুষ্ঠানে তাঁর দেশের এ অবস্থানের কথা জানান। ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।
গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে মা মিং কিয়াং বলেন, ‘সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের দুটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। আমি মনে করি, ওই গভীর সমুদ্রবন্দরটি এখন আর অগ্রাধিকার প্রকল্প নয় এবং এখন পায়রার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পায়রা কিংবা সোনাদিয়া, যেখানেই হোক না কেন, গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। কেননা এখন বাংলাদেশের আমদানি-রপ্তানির জন্য সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার ওপর নির্ভর করতে হয়। কাজেই বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণে যুক্ত হতে চীন আগ্রহী।’
বাংলাদেশ একাধিক পক্ষকে নিয়ে কনসোর্টিয়ামের মাধ্যমে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলে চীন তাতে যুক্ত হবে কি না, জানতে চাইলে মা মিং কিয়াং বলেন, ‘গভীর সমুদ্রবন্দর নির্মাণে যেকোনো দেশের যুক্ত করার ব্যাপারে আমাদের অবস্থান নমনীয়। সোনাদিয়া কিংবা পায়রা যেখানেই হোক না কেন, বন্দরটির মালিক বাংলাদেশের সরকার ও তার জনগণ। আমরা এখানে ঠিকাদার, বড়জোর পরিচালনাকারী। কাজেই এখানে কোনো বন্দর হলে যেকোনো দেশের সঙ্গে আন্তরিকতার সঙ্গে আমরা সহযোগিতা করতে রাজি আছি।’
গত বছরের শেষ দিকে কয়েকজন বিদেশি নাগরিক হত্যার বিয়োগান্ত ঘটনার পর বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের উপস্থিতি নিয়ে কোনো কোনো দেশ মন্তব্য করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘তদন্তের আগে কোনো বিষয় সম্পর্কে পূর্বানুমান করাটা সমীচীন নয়। কাজেই ঘটনাগুলো কি সন্ত্রাসীদের হামলা বা বাংলাদেশে আইএস আছে কিংবা নেই, এ জন্য আমি পুলিশ ও র্যাবের ওপর নির্ভর করাটা সমীচীন মনে করি। আমাদের এসবের ওপর নির্ভর করতে হবে। কূটনীতিক হিসেবে আমি পূর্বানুমান করতে পারি না। আমি আমাদের নাগরিকদের বাংলাদেশে এসো না, এটা বলতে পারি না। কোনো পূর্বানুমানের ভিত্তিতে আমার দেশের নাগরিকদের এ দেশ থেকে চলে যেতে বলতে পারি না। এখানে কিছু বলার গুরুত্ব সম্পর্কে আমি জানি। তাই আমার সতর্ক থাকা উচিত।’
বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। কারণ, দুই দেশের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর মধ্যে কৌশলগত আস্থার সম্পর্ক আছে। এই সম্পর্ক সহযোগিতার ক্ষেত্রে বিরাট অবদান রাখছে। প্রতিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্য পর্যায়ক্রমে বেড়ে উঠুক, এটাই আমরা দেখতে চাই।’