বেইজিংয়ে বাণিজ্য ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী
গভীর সমুদ্রবন্দর ও চট্টগ্রাম-কুনমিং সড়ক নির্মাণে চীনের সহায়তা চাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠা ও চট্টগ্রাম-কুনমিং যোগাযোগ সড়ক নির্মাণে চীন সরকারের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, আইসিটি, বস্ত্র, পেট্রো-কেমিকেল, সিরামিকস, ওষুধ, ক্ষুদ্র যন্ত্রপাতি, অবকাঠামো উন্নয়ন এবং কৃষিভিত্তিক শিল্প খাতে আরও বিনিয়োগের জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওথাইয়ে বাংলাদেশ-চীন বাণিজ্য ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চীন সরকার ও সে দেশের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের আমন্ত্রণে বর্তমানে পাঁচ দিনের সরকারি সফরে চীন রয়েছেন। তিনি চীনের বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে বিনিয়োগের জন্য আপনাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানেরও আশ্বাস দিচ্ছি।’ অনুষ্ঠানে চীনের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশে রয়েছে উচ্চ মুনাফাসম্পন্ন বিনিয়োগের ব্যাপক সম্ভাবনাময় খাত এবং নমনীয় আর্থিক নীতি গ্রহণের মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরও আকর্ষণীয় করা হয়েছে। তিনি বলেন, প্রতিবেশী সব দেশের পাশাপাশি চীনও চট্টগ্রামের গভীর সমুদ্রবন্দর ব্যবহারের মাধ্যমে উপকৃত হবে। চীনা বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসা ও বাণিজ্যকে আরও উৎসাহিত করতে বাংলাদেশের চট্টগ্রাম ও চীনের কুনমিংয়ের মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান। বাংলাদেশে চীনা বিনিয়োগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চীনা উদ্যোক্তারা ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের বিনিয়োগ বোর্ডে ৩২০ মিলিয়ন মার্কিন ডলারের ১৮৬টি প্রস্তাব নিবন্ধন করেছেন।