বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখ কনসে বলেছেন, ‘জার্মানি বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশ সরকার চাইলে আমরা এ ক্ষেত্রে অংশীদার হব।’গতকাল বুধবার সকালে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এ কথা বলেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত জার্মানির অনারারি কনসাল জেনারেল মির্জা শাকিল ইস্পাহানি এবং দূতাবাসের গণমাধ্যম ও রাজনৈতিক পরামর্শক মুজতবা আহমেদ মুরশেদ।রাষ্ট্রদূত আলব্রেখ কনসে বলেন, ‘ইতিমধ্যে জাহাজ নির্মাণশিল্পে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে। আমি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকাণ্ড দেখে অভিভূত হয়েছি। এখানে তৈরি জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে।’রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে জ্বালানি খাতসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে জার্মানি সহযোগিতা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ দেশের মানুষকে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে।রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতে আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ও চট্টগ্রামের বহদ্দারহাটে উড়ালসড়ক দুর্ঘটনায় জার্মান সরকারের পক্ষে শোক প্রকাশ করেন।