চীন বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের পাশাপাশি প্রস্তাবিত চট্টগ্রাম গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে এ আশ্বাস দেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের বলেন, ‘চীনের ভাইস প্রেসিডেন্ট পাগলা পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) ও সিলেট শাহজালাল সার কারখানার পাশাপাশি বঙ্গোপসাগরের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে তাঁদের দেশের সহায়তার আশ্বাস দিয়েছেন।’দীপু মনি বলেন, এ ছাড়া বেইজিং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায়ও বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শি জিনপিং বাংলাদেশের প্রথম নিজস্ব টেলিযোগাযোগ স্যাটেলাইট উেক্ষপণেও তাঁর দেশের সহায়তার আশ্বাস দেন।দীপু মনি বলেন, এ ছাড়া দুই নেতা চীনের বাজারে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশ নিশ্চিত করার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান বিশাল বাণিজ্য ব্যবধান কমানোর ব্যাপারেও একমত হন। তিনি আরও বলেন, দুই দেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহযোগিতা করতে সম্মত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বেইজিং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, দুই নেতা ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা করেছেন।এর আগে চীনা নেতা দুই দিনের সরকারি সফরে গতকাল বাংলাদেশে পৌঁছান। গতকাল বেলা সাড়ে ১১টায় তাঁকে নিয়ে এয়ার চায়নার একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁকে স্বাগত জানান।নৈশভোজ: সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে গতকাল রাতে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজে চীন ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ সম্পর্কের ভিত্তি হচ্ছে আস্থা, সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি। আমরা এক চীন নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’নৈশভোজে জিনপিং বলেন, বাংলাদেশের মতো সৎ প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশ পেয়ে চীনের জনগণ গর্বিত। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অগ্রগতিতে চীনের সরকার ও জনগণ আনন্দিত। আমরা বাংলাদেশের আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।’চুক্তি স্বাক্ষর: বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা-সংক্রান্ত এক চুক্তির অধীনে বেইজিংয়ের কাছ থেকে ৪০ কোটি ইউয়ান অনুদান পাবে। বাংলাদেশ ও চীন এ ব্যাপারে গতকাল একটি চুক্তি স্বাক্ষর করে।চীনের বাণিজ্যবিষয়ক ভাইস মিনিস্টার চান জিয়ান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে: চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, দেশটি পরিকল্পনামাফিক সুন্দরভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। তিনি গতকাল সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির নেতারা চীন ও সে দেশের জনগণকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অভিহিত করে উভয় দেশের সরকারকে দুই দেশের সহযোগিতার সম্পর্ক সম্প্রসারণে আহ্বান জানান।