গভীর সমুদ্রবন্দর স্থাপনে বাংলাদেশ ও চীনের মধ্যে আলোচনা চলছে
কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে আলোচনা চলছে। গতকাল সোমবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত সংলাপে ঢাকার চীনা দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর জং লি এ তথ্য জানান।‘টক অন দ্য পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি আউটলুক ফর সাউথ এশিয়া ২০১১-২০২০’ শীর্ষক এ সংলাপে জং লি বলেন, ‘ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারে আমরা কারও সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে চাই না। বরং সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী। বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে। চীন সরকার সে দেশের প্রতিষ্ঠানগুলোকে এই প্রক্রিয়ায় যুক্ত হতে উৎসাহ দিচ্ছে।’ বিইআই মিলনায়তনে আয়োজিত সংলাপে ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (নেসা) শীর্ষ গবেষক, দেশি-বিদেশি সাবেক কূটনীতিক ও আমলারা এই দশকে দক্ষিণ এশিয়ার শান্তি, নিরাপত্তা, অর্থনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সংলাপে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনূসকে অব্যাহতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছে কি না, এ প্রশ্ন তোলেন একজন অংশগ্রহণকারী। জবাবে নেসার গবেষক রবার্ট কে বগস বলেন, যুক্তরাষ্ট্রের অনেকেই ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংককে জানেন। তাঁকে নিয়ে এই বিতর্ক তাঁদের আহত করেছে। ব্রিটিশ রাষ্ট্রদূত স্টিফেন ইভানস বলেন, ইউরোপীয় ইউনিয়ন গঠনে অর্থনৈতিক সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছিল। পরে তা সহযোগিতার ক্ষেত্রকে বড় করেছে। ভারত খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোর পরস্পরের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা ছাড়া কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর বলেন, চীন ও ভারতের মতো উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলো থেকে সর্বোচ্চ সুবিধা পেতে বাংলাদেশকে অন্যান্য প্রতিবেশীর সঙ্গে জোটবদ্ধভাবে এগোতে হবে। রবার্ট কে বগস দক্ষিণ এশিয়ায় শান্তি-নিরাপত্তা জোরদার করতে চীনের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি বলেন, চীন অর্থনৈতিক দিক থেকে এগিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের সঙ্গেই চীনের সুসম্পর্ক আছে। এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে চীন দেশ দুটির সমস্যা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে পারে। এমনকি লিবিয়া ইস্যুতেও চীন আশ্চর্য রকম শান্ত ছিল। বৃহৎ দেশ হিসেবে দেশটির কিছু কিছু দায়দায়িত্ব নেওয়া উচিত। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে জ্যাক গিল বলেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। যুক্তরাষ্ট্র চায়, দেশটি যেন নিজের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখে এবং অন্যের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়; কিন্তু পাকিস্তান সেভাবে চলছে না। সংলাপে আরও অংশ নেন ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর জন এফ ডানিলোউইকজ, সাবেক রাষ্ট্রদূত ও নেসার পরিচালক জেমস লারোকো, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, সেনা কর্মকর্তা আমিনুল করিম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক সালাউদ্দীন, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা প্রমুখ। সংলাপ সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিইআই সভাপতি ফারুক সোবহান।