বৈশ্বিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা বলা হলেও এখনই দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগী না হলে সরকারের ২০৪১ রূপকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গ্যাস ও বিদ্যুতের সংকট দূর করতে হবে। একই সঙ্গে গভীর সমুদ্রবন্দর স্থাপনে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
গতকাল সোমবার নগরের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন ও দৈনিক বণিক বার্তা এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। গোলটেবিল বৈঠকের বিষয় ছিল ‘ভিশন ২০৪১: লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়িক সক্ষমতা ও চ্যালেঞ্জ’।
জেসিআই চিটাগাং কসমোপলিটনের সভাপতি জসীম আহমেদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, ব্যাংকার ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
বৈঠকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান বলেন, পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্রবন্দর স্থাপন করার উপযুক্ততা নেই। অথচ ভূরাজনৈতিক কারণে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপন করার প্রক্রিয়া আটকে আছে। ভারত, যুক্তরাষ্ট্র বা জাপান চাইছে না চীন সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপন করুক। চীনও অন্যদের সঙ্গে যৌথভাবে সোনাদিয়ায় বন্দর স্থাপনে আগ্রহী। সরকারের উচিত হবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই বাংলাদেশের স্বার্থে গভীর সমুদ্রবন্দর নির্মাণে গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা। না হলে ভিশন ২০৪১ বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, বিনিয়োগের কেন্দ্রস্থল হলো চট্টগ্রাম। কিন্তু শিল্প স্থাপনে জমির অভাব থাকায় অনেক বিনিয়োগকারী আগ্রহ হারাচ্ছেন। গ্যাস ও বিদ্যুতের অভাবে বিনিয়োগকারীরা লোকসানের শিকার হচ্ছেন। প্রতিবন্ধকতা দূর করা না গেলে সরকারের রূপকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।
বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, বৈশ্বিক বিভিন্ন সূচকে বাংলাদেশের সম্ভাবনার ভবিষ্যদ্বাণী করা হচ্ছে। ২০৪১ সালের চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে না পারলে সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প স্বপ্নই থেকে যাবে।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম (আইবিএফবি) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে ২০৪১ সালে হাহাকার পড়ে যাবে। এ জন্য কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে।
আইবিএফবির চট্টগ্রাম চ্যাপ্টারের সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেন, তরুণ উদ্যোক্তাদের মধ্যে স্বপ্ন জাগিয়ে তুলতে হবে। তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে পারলে ২০৪১ সালে ভালো জায়গায় যেতে পারবে দেশ।
জেসিআইয়ের (চিটাগাং কসমোপলিটন) সভাপতি জসীম আহমেদ বলেন, কৃষি, শিল্প, রপ্তানিমুখী পোশাক খাতে বিনিয়োগ বাড়ানো হলে উন্নত রাষ্ট্রের ধারণা বাস্তবায়ন কঠিন নয়। এ জন্য তরুণদের প্রশিক্ষিত করার পাশাপাশি নিত্যনতুন উদ্যোগ বাস্তবায়ন জরুরি।
রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালক মারজানুর রহমান বলেন, নতুন কোনো খাতে বিনিয়োগ করতে হলে বিদেশি জনশক্তির ওপর নির্ভরশীল হতে হয়। এ নির্ভরশীলতা কমাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য পদক্ষেপ নিতে হবে।
জেসিআই চিটাগাং কসমোপলিটনের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন, অর্থায়নের অভাবে তরুণেরা উদ্যোক্তা হতে পারছেন না। তরুণদের উদ্যোক্তা হওয়ার জন্য নীতি-সহায়তা দরকার।
আলোচনায় আরও অংশ নেন জেসিআইয়ের কেন্দ্রীয় সভাপতি সাখাওয়াত হোসেন, হক অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন, ম্যাফ সুজের পরিচালক আবু ওবাইদা, ভারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহিম নূর, এফএমসি গ্রুপের পরিচালক খাতুনে জান্নাত।