গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রের ১২, ১৬ ও ২১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। আজ সোমবার এই দরপ্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত পেট্রোবাংলা দরপ্রস্তাব গ্রহণ করবে।

গত বছরের ১০ ডিসেম্বর গভীর সমুদ্রের ওই তিনটি ও অগভীর সমুদ্রের নয়টি, মোট ১২টি ব্লকে অনুসন্ধানের জন্য ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০১২’ আহ্বান করা হয়েছিল। কিন্তু তখন গভীর সমুদ্রের একটি ব্লকের জন্যও কোনো দরপ্রস্তাব জমা পড়েনি। তবে ১৮টি কোম্পানি প্রয়োজনীয় কাগজপত্র (বিড ডকুমেন্ট) কিনেছিল।
গত ফেব্রুয়ারি মাসে পেট্রোবাংলা ওই ১৮টি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে এক সভায় বসেছিল। সেখানে তাঁরা বলেন, পেট্রোবাংলার প্রস্তাবে ঘোষিত সুযোগ-সুবিধা তাঁদের কাছে আগ্রহ উদ্দীপক মনে হচ্ছে না। ওই প্রস্তাবে গভীর সমুদ্রে অনুসন্ধান লাভজনক হবে না।
এরপর পেট্রোবাংলা উত্পাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সংশোধন করে গভীর সমুদ্রের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়। সেই সংশোধিত পিএসসির ভিত্তিতে এখন দরপ্রস্তাব আহ্বান করা হলো। সংশোধিত পিএসসিতে মূলত তিনটি বিষয় পরিবর্তন করা হয়েছে। এগুলো হচ্ছে—এক. বাণিজ্যিক ভিত্তিতে তোলার মতো তেল-গ্যাস পাওয়া গেলে কোম্পানিগুলো তাদের বিনিয়োগ তুলে নেওয়ার (কস্ট রিকভারি) জন্য সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত তেল-গ্যাস পাবে। আগে এই হার ছিল সর্বোচ্চ ৫৫ শতাংশ। দুই. কোম্পানিগুলোর কাছ থেকে সরকার প্রতি হাজার ঘনফুট গ্যাস সাড়ে ছয় মার্কিন ডলার দরে কিনবে এবং প্রতিবছর এই দাম ২ শতাংশ হারে বাড়বে। আগে গ্যাসের দাম ধরা হয়েছিল সাড়ে পাঁচ ডলার। বার্ষিক দাম বৃদ্ধির কোনো বিধান ছিল না। তিন. কোম্পানিগুলোকে আয়কর দিতে হবে না।
এ ছাড়া গভীর সমুদ্রে পাওয়া তেল-গ্যাসের পুরো অংশ পেট্রোবাংলা কিনতে রাজি না হলে কোম্পানিগুলো তাদের অংশের অর্ধেক এ দেশের বাজারে তৃতীয় পক্ষের কাছে সরাসরি বিক্রি করতে পারবে, পিএসসিতে এমন বিধানও রাখা হয়েছে। এসব শর্ত অগভীর সমুদ্রের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
গত বছর অগভীর সমুদ্রের নয়টি ব্লকের জন্য দরপ্রস্তাব জমা পড়েছিল। সেখান থেকে তিনটি ব্লকের জন্য দুটি কোম্পানিকে বাছাই করা হয়। এর মধ্যে সাত নম্বর ব্লকে আমেরিকান কোম্পানি কনোকোফিলিপস এবং চার ও নয় নম্বর ব্লকের জন্য ভারতের ওএনজিসি বিদেশ লিমিটেড নির্বাচিত হয়েছে।
গত ২৮ মে অগভীর সমুদ্রের ছয়টি ব্লকের জন্য আবারও দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে শুধু ১১ নম্বর ব্লকের জন্য অস্ট্রেলীয় কোম্পানি স্যান্টোস ও সিঙ্গাপুরের ক্রিস এনার্জি যৌথভাবে দরপ্রস্তাব দাখিল করেছে। তাদের প্রস্তাবটি ইতিমধ্যে মন্ত্রিসভা অনুমোদন করেছে।