গভীর সাগর থেকে ছয় ডাকাতকে আটক করেছে নৌবাহিনী
কক্সবাজারের কুতুবদিয়ায় গভীর সাগরে অভিযান চালিয়ে গত শুক্রবার সন্ধ্যায় ছয় ডাকাতকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। এ সময় ডাকাতদের হাতে অপহৃত ১০ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে নৌবাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নৌবাহিনী জানায়, আটক ডাকাত দলের সদস্যরা হচ্ছেন মো. আবু মুসা, মো, শাহরিয়ার, মো. ফজল করিম, মো. মিজানুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. আক্তার হোসেন। তাঁরা সবাই কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার বাসিন্দা।
নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সামুদ্রিক মৎস্য শিকারের সময় এফভি মালেক শাহ-১ ট্রলার ডাকাতির কবলে পড়ে। ছয়জনের ডাকাত দল স্পিডবোটের মাধ্যমে ট্রলারে উঠে জেলেদের জিম্মি করে। প্রতি জেলের মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলের পাশে টহল দিচ্ছিল নৌবাহিনীর জাহাজ দুর্জয়। নৌবাহিনীর সদস্যরা জাহাজ নিয়ে ট্রলারটি ধাওয়া করে এবং ছয় ডাকাতকে আটক করেন। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়।