গভীর সাগরে মৎস্য আহরণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসীমা বিজয়ের ফলে গভীর সাগরে মৎস্য আহরণের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে তাকে কাজে লাগাতে হবে। গভীর সমুদ্রের সম্পদ সঠিকভাবে আহরণ করতে পারলে পোশাকশিল্প খাতের চেয়েও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।
বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সিলেবাস উন্নয়ন বিষয়ে দুদিনব্যাপী এ কর্মশালা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। এ কর্মশালায় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকেরা অংশ নিয়েছেন।
কর্মশালার উদ্বোধন করেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সোমেন দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইফুদ্দীন শাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন সুভাষ চন্দ্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন ফিশারিজ রিসোর্সেস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শেখ আহমেদ আল নাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় শিক্ষক জয়শ্রী সরকার।