গভীরতা বাড়াতে গুলশান লেকে খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান লেকে মাটি ফেলে বঁাধ দেওয়া হচ্ছে l প্রথম আলো
গুলশান লেকে মাটি ফেলে বঁাধ দেওয়া হচ্ছে l প্রথম আলো

গুলশান লেকের (নিকেতন অংশে) আবর্জনা পরিষ্কার ও খনন করে এর গভীরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে এ উন্নয়নকাজ নিয়ে নিকেতন সোসাইটির অধিবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিকেতন হাউজিং সোসাইটির ১ নম্বর রোডের পাশ দিয়ে যাওয়া গুলশান লেকের উত্তর দিকের এক অংশে মাটি ফেলার কাজ চলছে। লেকের মাঝামাঝি পর্যন্ত প্রায় আট ফুট চওড়া মাটির বাঁধ তৈরি হয়েছে। মাটির সেই বাঁধের ওপর এক্সকাভেটরে বসেছিলেন চালক মো. আলমগীর হোসেন। তিনি বলেন দুই দিন ধরে মাটি তুলে বাঁধ তৈরির কাজ করছেন তিনি।
লেকের যে অংশে কাজ চলছে, সেখানে কোথাও কর্তৃপক্ষের কোনো বোর্ড বা নোটিশ রাখা নেই। রাজউকের এই উন্নয়নকাজ নিয়ে আশপাশের মানুষদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। নিকেতন সোসাইটির বাসিন্দা তৌহিদুল ইসলাম বললেন, বেশ কিছুদিন ধরে লেকে মাটি ফেলতে দেখছেন তিনি। অসাধু উদ্দেশ্যে লেক ভরাট করে ফেলা হচ্ছে কি না, তা নিয়ে সংশয়ে আছেন।
রাজউকের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমান বলেন, গুলশান লেকের পরিবেশ উন্নয়নে এর গভীরতা বৃদ্ধির জন্য কাজ শুরু করেছেন তাঁরা। প্রথমে লেকের এক অংশে বাঁধ দিয়ে পানি শুকিয়ে ফেলা হবে। তারপর সেখানে খনন করে আবর্জনা ও মাটি সরিয়ে ধাপে ধাপে পুরো লেক খনন করা হবে।
গুলশান-বারিধারা লেক দূষণরোধে ঢাকা ওয়াসার গৃহীত প্রকল্পের ব্যর্থতার কারণ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে গঠিত তদন্ত কমিটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও রাজউকের সমন্বিত উদ্যোগ ছাড়া লেকদূষণ বন্ধ করা সম্ভব নয়।
তবে রাজউকের এই লেক উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে ডিএনসিসি জানে না। ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৩) খন্দকার মাহবুব আলম বলেন, গুলশান লেকের কোনো উন্নয়নকাজের বিষয়ে তাঁদের জানানো হয়নি।