গম আত্মসাতের অভিযোগ চেয়ারম্যান পলাতক
ভিজিএফের গম আত্মসাৎ ও বিতরণে অনিয়মের অভিযোগে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিদ্দিক আলীর বিরুদ্ধে গত বুধবার মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পালিয়ে রয়েছেন।লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান ছিদ্দিক আলী ১৮৯ জন দুস্থ মহিলার জন্য গত ২৮ ফেব্রুয়ারি ও ৩০ মার্চ ২২৫ বস্তা (১১ দশমিক ৩৪ মেট্রিক টন) গম উত্তোলন করেন । ওই গম তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে না নিয়ে নিজের বাড়িতে রাখেন। গম বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা) মাহমুদা সুলতানা ২৬ এপ্রিল চেয়ারম্যানকে তা ২৮ এপ্রিল ইউনিয়ন পরিষদে বিতরণ করার নির্দেশ দেন। কিন্তু তিনি ২৮ এপ্রিল ১৮৭ বস্তা গম পরিষদে জমা দেন। তিনি গত সোমবার (২ মে) ওই গম দুস্থদের মাঝে বিতরণের নোটিশ দিয়েও কোনো কারণ ছাড়াই বিতরণ বন্ধ রাখেন। পরদিন মঙ্গলবার মাহমুদা সুলতানা ওই গম বিতরণের ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও এবং ওসি বরাবর আবেদন করেন।এরপর গত বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি ছাড়াই চেয়ারম্যান নিজে গম বিতরণ শুরু করেন। দুই মাসের জন্য প্রত্যেক ভিজিএফ কার্ডধারীর প্রাপ্য ৬০ কেজি গমের স্থলে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ কেজি করে গম বিতরণ করা হচ্ছে—এ খবর পেয়ে মাহমুদা সুলতানা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বিতরণ করা গম ওজন করে পরিমাণে কম পান। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যান পরিষদ থেকে পালিয়ে যান। এ সময় বিতরণ না করা ১১ বস্তা গম উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।ইউএনও মো. আবদুর রহমান এবং ওসি মতিয়ার রহমান জানান, তাঁদের উপস্থিতিতে বিলমাড়িয়া গ্রামের কাজলীর পাওয়া গম ওজন দিয়ে ৩৮ কেজি পাওয়া যায়। রহিমপুর গ্রামের ছুরাতন, বড়বাদকয়া গ্রামের নাসিমা ও চকবাদকয়া গ্রামের ছামেনার গম ওজন দিয়ে ৪২ কেজি পাওয়া গেছে।’মাহমুদা সুলতানা বলেন, ‘দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে বুধবার রাতে দুর্নীতি মামলা করা হয়েছে।’ ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মুঠোফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় নাটক সাজানো হয়েছে। আড়াই টন গম আত্মসাতের মামলা হয়েছে। এর দ্বিগুণ ফেরত দেওয়ার প্রস্তাবের পরও রাজনৈতিকভাবে হেয় করার জন্য মামলা করা হয়েছে।’