গম আত্মসাতের মামলা আবার তদন্তের জন্য পাঠিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গম আত্মসাতের মামলাটি আবার তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মীর রুহুল আমিন। গতকাল মঙ্গলবার অভিযোগপত্রের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল।
এই মামলার আসামিরা হলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের তৎকালীন জিওসি ও বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু কায়সার ফজলুল কবির ও সামিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল ইসলাম।
আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালে জিওসি থাকাকালীন মেজর জেনারেল আবু কায়সার ফজলুল কবির গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ১০টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ পাওয়া ২০০ মেট্রিক টন গম নুরুল ইসলামের কাছে বিক্রি করেন। তখন প্রতি কেজি গম বিক্রি করা হয় ৬ টাকা ৮৩ পয়সায়। এ ঘটনায় ২০০৪ সালের ২৪ মার্চ বায়েজিদ থানায় মামলা করেন দুদকের তৎকালীন পরিদর্শক মুবিনুল ইসলাম। ২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের তৎকালীন উপপরিচালক জাহাঙ্গীর আলম। উচ্চ আদালতে স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন এই অভিযোগপত্রের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারেনি। সম্প্রতি স্থগিতাদেশ প্রত্যাহার হয়।
দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘আদালত আমার ও আসামি পক্ষের কৌঁসুলির বক্তব্য শুনে এবং নথিপত্র ও কেস ডায়েরি পর্যালোচনা করে ফৌজদারি সংশোধন অধ্যাদেশ ১৯৫৮-এর ৫(৬) ধারায় মামলাটি আবার তদন্তের নির্দেশ দিয়েছেন।’