ব্রাজিল থেকে গম আমদানির বিষয়ে খাদ্য মন্ত্রণালয় ও মন্ত্রী দায় এড়াতে পারেন না। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ এ কথা বলেন।
গতকাল সংসদে অনির্ধারিত আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ব্রাজিল থেকে গম আমদানির বিষয়ে মন্ত্রণালয় কিছু জানে না।
সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে আবদুল ওয়াদুদ বলেন, ‘বৈঠকের আলোচ্যসূচিতে না থাকলেও ব্রাজিল থেকে গম আমদানির বিষয়টি আলোচনায় চলে আসে। আমরা জানতে চেয়েছি, এ রকম আলোচনা হচ্ছে কেন। মন্ত্রণালয়ের যুক্তি আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। লাল রঙের গম এ দেশের মানুষ একটু কম পছন্দ করে। সাদা রঙের গম বেশি পছন্দ করে। এটিও সমালোচনার কারণ হতে পারে। তবে গমের মান ঠিক আছে।’
আবদুল ওয়াদুদ বলেন, খবরের কাগজগুলো বেশি করে মন্ত্রীকে জড়াচ্ছে। কারণ, অধিদপ্তর তো মন্ত্রণালয়েরই অধীনে। তাই মন্ত্রণালয় ও মন্ত্রী গম আমদানির দায় এড়াতে পারেন না। তবে সার্বিক দায় অধিদপ্তরের ওপর বেশি বর্তায়।
আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, খন্দকার আবদুল বাতেন, আবদুল মালেক, শেখ মো. নুরুল হক, শিরীন নাইম প্রমুখ অংশ নেন।