গম চুরির অভিযোগে ইউপি সদস্য আটক
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গম চুরির দায়ে আটক করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান পলাতক রয়েছেন।এলাকাবাসী জানায়, দুর্গাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইউনুছ আলী ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান গত মঙ্গলবার ভিজিডির ১০ মেট্রিক টন গম উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। সেগুলো পিকআপ ভ্যানে ইউনিয়ন পরিষদে নেওয়ার সময় এক ডিলারের কাছে চার বস্তা গম বিক্রি করেন। এমন খবর প্রচার হলে গতকাল বুধবার ইউপি কার্যালয়ে গম বিতরণের সময় এলাকাবাসী গম কম আছে বলে দাবি করে। একপর্যায়ে মিজানুর গম কম থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, চেয়ারম্যানের নির্দেশেই তিনি চার বস্তা গম অন্যত্র বিক্রি করে দিয়েছেন। তা ৎ ক্ষণিকভাবে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানায়। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে ওই সদস্যকে আটক করে থানায় নিয়ে যান। এ ছাড়া চেয়ারম্যানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এ ব্যাপারে চেয়ারম্যান মো. ইউনুছ আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।ইউএনও সরোজ কুমার নাথ বলেন, ভিজিডির গম বিক্রির দায়ে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত করলে জানা যাবে এর সঙ্গে কে কে জড়িত।