গম নিয়ে সংবাদের প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য
৮ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘৩৩ হাজার টন গম হাওয়া’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করেছেন পাঁচ ব্যবসায়ী। তাঁরা প্রতিবেদনের বেশ কিছু তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। প্রতিবাদকারীদের মধ্যে রয়েছেন রোকেয়া অটোমেটিক ফ্লাওয়ার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, জে কে শিপিং লাইনসের প্রধান নির্বাহী কামরুল ইসলাম, মেসার্স মালেক (মাঝি)-এর মালিক আবদুল মালেক মাঝি, খুলনা মহানগর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন ও ব্যবসায়ী আক্তারুজ্জামান খান।
সাইফুল ইসলাম তাঁর প্রতিবাদে বলেন, আমদানি হওয়া ওই গম নিয়মনীতি মেনে তিনি দক্ষিণ কোরীয় কোম্পানি এমএস সামজিন সিএঅ্যান্ডটি কোম্পানি লিমিটেডের শিপিং এজেন্ট জে কে শিপিং লাইনসের মালিক কামরুল ইসলাম ও সুইট হোম কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান খানের (মামুন) কাছ থেকে কিনে নেন এবং বিক্রয় নির্দেশের (ডিও) মাধ্যমে বাজারে বিক্রি করেন। এর বিপরীতে তাদের ৫৩ কোটি ১০ লাখ টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু তিনি তাদের কাছ থেকে বাস্তবে ২৬ হাজার ২৮ টন গম বুঝে পান। ফলে এখনো জে কে শিপিং ও সুইট হোমের কাছে তিনি আরও ১০ কোটি ৮৭ লাখ টাকা পাওনা রয়েছেন। ওই টাকা আদায়ের জন্য তিনি একটি আরবিট্রেশন মামলা করেছেন, যা বিচারাধীন আছে।
পত্রে বলা হয়, ওই গমের বিষয়ে আবদুল আজিজ নামের একজন চট্টগ্রাম বন্দর থানায় মামলা করেন এবং সেই মামলায় সাইফুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন নেন। এই বিষয়ে যে কটি মামলা রয়েছে, তার সব কটির কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। খাদ্য অধিদপ্তরের গম পাচারের ঘটনায় গ্রেপ্তার হওয়ার বিষয়ে যে তথ্য ছাপা হয়েছে, তা-ও সত্য নয়। প্রতিবেদনে ২০১২ সালে খাদ্য অধিদপ্তরে নিম্নমানের গম সরবরাহের যে তথ্য দেওয়া হয়েছে, তা-ও সঠিক নয়।
জে কে শিপিং লাইনসের প্যাডে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে পরিচয় দিয়ে কামরুল ইসলাম এবং একটি সাদা কাগজে নিজের কোনো পরিচয় উল্লেখ না করে আক্তারুজ্জামান খান একই ধরনের আরেকটি প্রতিবাদ পাঠিয়েছেন। তাঁরা উভয়ে বলেছেন, আবদুল আজিজের করা মামলার সব কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে এবং তাঁদের দুজনের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তাঁদের পলাতক থাকা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও নেই। তাঁরা স্বাভাবিক জীবন যাপন করছেন।
খুলনা মহানগর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেনের পাঠানো প্রতিবাদে বলা হয়, ওই গমসংক্রান্ত কোনো কিছুর সঙ্গে তিনি বিন্দুমাত্র জড়িত নন। একজন ওয়ার্ড যুবলীগ সভাপতি ও জে কে শিপিংয়ের সামান্য বেতনের একজন কর্মচারী হিসেবে তাঁর কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে কি না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা ও জিডি নেই।
মালেক মাঝির পাঠানো প্রতিবাদে বলা হয়, ওই গমের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি শুধু ওই গমের আমানতকারী ছিলেন। মালিকের চালানের মাধ্যমে গুদামে তিনি পণ্য রাখেন এবং ডিও নির্দেশে তা গুদাম থেকে নিয়ে যাওয়া হয়। তিনি শুধু গুদাম ভাড়া পান। তাঁকে ‘চোর’ বলায় তাঁর সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে একাধিক মামলা থাকলেও তা বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুদামমালিক হিসেবে তাঁকে আসামি করা হয়েছে। তিনি জড়িত কি না, তা প্রমাণ করবেন আদালত।
চট্টগ্রামের হালিশহরের গুদামের মালের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই উল্লেখ করে মালেক মাঝি বলেন, ওই মালের মালিক শামীম এন্টারপ্রাইজ তাঁর নিজস্ব চালানে মাল গুদামজাত করার জন্য তাঁর কাছে পাঠায়। তিনি কোনোভাবেই ওই মালের মালিক বা ক্রেতা নন। এর আগে সরকারি-বেসরকারি গুদাম থেকে চাল পাচারের ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
প্রতিবেদকের বক্তব্য
২০১৫ সালের ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রতিবেদনে বলা হয়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই গম শিপিং এজেন্ট কামরুল ইসলাম ও আক্তারুজ্জামান খান মিলে সাইফুল ইসলামের কাছে বিক্রি করে দেন। সাইফুল ইসলাম নিজ খরচে ওই গম বন্দর থেকে ট্রাকে করে মালেক মাঝির গুদামে রাখেন। ২৫ এপ্রিলের মধ্যে রোকেয়া ফুডের মালিক সাইফুল ইসলাম বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তা বিক্রি করেন। এই মামলার আসামিরা পারস্পরিক যোগসাজশে আদালতের নির্দেশ অমান্য করে ওই ৩৩ হাজার টন গম নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে তদন্তে বলা হয়েছে।
ওই গমের আন্তর্জাতিক শিপিং এজেন্ট দাইয়ু করপোরেশনের দক্ষিণ কোরীয় বিমা কোম্পানি মেরিটস ফায়ার অ্যান্ড মেরিন ইনস্যুরেন্সের পক্ষ থেকে বাংলাদেশে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। গত ২০ জুন হাইকোর্টের বিদেশি লেনদেন নিষ্পত্তি বিভাগে (অ্যাডমিরালটি বিভাগ) মামলা করা হয়। এ ছাড়া ২ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিমের আদালতেও সাতজনকে আসামি করে আরেকটি মামলা করা হয়।
চট্টগ্রামে করা মামলার আসামি হিসেবে জে কে শিপিংয়ের কর্মকর্তা ও খুলনা যুবলীগের ৩৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শওকত হোসেনের নাম রয়েছে। প্রতিবেদনে শুধু এই তথ্যগুলো উল্লেখ করা হয়েছে।