গম নিয়ে ‘গরম’ জনপ্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের গম ভাগাভাগি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। উপজেলার ১৪টি ইউপির চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছেন। এই আচরণের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানরা বৃহস্পতিবার বিকেলে টিআর কমিটির সভা বর্জন করেন এবং শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক এবং স্থানীয় সাংসদের কাছে লিখিত অভিযোগ দেন। ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) কাজের জন্য ৩৬৭ মেট্রিক টন গম ইউএনওর অনুকূলে বরাদ্দ আসে। পরিপত্র অনুযায়ী, ১৮ থেকে ৩২ মেট্রিক টন গম বিভিন্ন ইউনিয়নের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এতে স্থানীয় সাংসদ টিআর কমিটির উপদেষ্টা হিসেবে সুপারিশ করেন।ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেল তিনটায় টিআর কমিটির সভা উপজেলা চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকারম হোসেন প্রকল্পগুলো উপস্থাপন করেন। প্রকল্পে কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের সুপারিশ দেখে উপজেলা চেয়ারম্যান ক্ষুব্ধ হন এবং ইউপি চেয়ারম্যানদের সঙ্গে অশালীন আচরণ করেন। ইউএনও মো. রফিকুল হক অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। জাতীয় পার্টির স্থানীয় সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, নিয়ম অনুযায়ী সুপারিশ করেছেন তিনি। এ নিয়ে উপজেলা চেয়ারম্যানের আচরণ দুঃখজনক। সব অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম সওদাগর বলেন, ‘টিআর নিয়ে অনেক দুর্নীতি হয়ে থাকে। এ ক্ষেত্রে স্বচ্ছতা আনতে উদ্যোগ নিয়েছি।’ পিআইও মোকারম হোসেন বলেন, প্রকল্প উপস্থাপন করার সময় উপজেলা চেয়ারম্যান সাংসদের সুপারিশ দেখে রাগান্বিত হয়ে পড়েন। পরে ইউপি চেয়ারম্যানরা সভা বর্জন করে চলে যান। প্রসঙ্গত, চলতি বছরের ৮ এপ্রিল নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান নিজেকে উপজেলার ‘রাজা’ ঘোষণা করে ইউএনও ও থানার ওসির সঙ্গে অশালীন আচরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই কর্মকর্তা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।