গম বিদ্যালয়ের, তুলে নিলেন চেয়ারম্যান!
রাজশাহীর দুর্গাপুর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ প্রায় পৌনে ৪০০ টন গম তুলে নেওয়া হলেও কোনো প্রতিষ্ঠানেই কাজ হয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মজিদ সংশ্লিষ্ট প্রকল্প সভাপতিদের স্বাক্ষর নিয়ে ওই গম তুলে নিয়েছেন। নিয়ম অনুযায়ী ৩০ জুনের মধ্যে এসব কাজ শেষ হওয়ার কথা ছিল। উপজেলা চেয়ারম্যানের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য টিআরের ২০৯ দশমিক ৬৬ মেট্রিক টন এবং স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দের ১৭০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এই গম দিয়ে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কাজ করার কথা। আর জুন মাসেই এসব কাজ শেষ হওয়ার কথা। কিন্তু প্রকল্প কমিটির সভাপতিদের কাছ থেকে কাগজপত্রে স্বাক্ষর নিয়ে গম তুলে নিয়েছেন চেয়ারম্যান আবদুল মজিদ। কিন্তু গতকাল রোববার পর্যন্ত কোনো প্রতিষ্ঠানেই কাজ কিংবা কোনো মালামাল কেনা হয়নি। যোগাযোগ করা হলে কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। প্রকল্পের সভাপতি বলতে পারবেন।শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্প কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সব কিছু কেন্দ্রীয়ভাবে কেনার কথা। কাগজপত্রে স্বাক্ষর করে উপজেলা চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।’ গুনাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কেশব চন্দ্র সরকার বলেন, ‘কাগজপত্রে স্বাক্ষর করে সবাই উপজেলা চেয়ারম্যানের কাছে দিয়েছেন। তাই আমিও দিয়েছি। কী হবে তা হিসাব করিনি।’ যোগাযোগ করা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুর সবুর খান জানান, উপজেলা চেয়ারম্যানের অনুমতি ছাড়া তিনি কিছু বলতে পারবেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেন জানান, কাজের ব্যাপারে জানতে চেয়ে প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে। চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে টিআরের বরাদ্দ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট প্রকল্প কমিটিই এই কাজ করবে।’ প্রকল্পের মেয়াদ শেষ হলেও কোনো প্রতিষ্ঠানেই কাজ হয়নি—এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কম্পিউটার কেনা হয়েছে। এখন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটু দেরি হচ্ছে। কয়েকটা দিন সময় দেন সব দেখতে পারবেন।’