দেশের বেশির ভাগ এলাকার হাটবাজারে প্রতি কেজি গম বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। আর সরকার প্রতি কেজি গম কৃষকের কাছ থেকে ২৭ টাকায় সংগ্রহের ঘোষণা দিয়েছে। এই ঘোষণাই কৃষকের কাল হয়েছে।
সুযোগটা নিচ্ছেন স্থানীয় রাজনীতিবিদেরা। তাঁদের চোখ মাঝখানের এই পাঁচ থেকে সাত টাকার লাভ। কারণ সরকারের অভ্যন্তরীণ সংগ্রহ লক্ষ্যমাত্রার দেড় লাখ টন গম সরবরাহ করতে পারলে সর্বসাকল্যে লাভ থাকে কমপক্ষে ১০০ কোটি টাকা।
সুযোগটি নিতে কৃষকের পরিচয়পত্র সংগ্রহ করে নিজেরাই গম সরবরাহের ব্যবসায় নেমেছেন স্থানীয় অনেক রাজনীতিবিদ। সরকারি দলের সাংসদ থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা এই তালিকায় আছেন। এ বছর প্রকৃত কৃষকের কাছ থেকে গম সংগ্রহের জন্য কৃষক পরিচয়পত্র দেখে গম কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। বেশির ভাগ ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ নেতারা কৃষকদের কাছ থেকে চাপ প্রয়োগ করে পরিচয়পত্র সংগ্রহ করছেন। আর ওই পরিচয়পত্র ব্যবহার করে সংগ্রহের কোটা নিচ্ছেন।
গম সরবরাহ নিয়ে স্থানীয় পর্যায়ের রাজনীতিবিদদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বেশ কয়েকজন সাংসদ খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য বিভাগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে এসে গম সংগ্রহের পরিমাণ দেড় লাখ থেকে আরও বাড়ানোর তদবির করছেন বলেও খাদ্য বিভাগের একাধিক সূত্রে জানা গেছে।
গম সংগ্রহ নীতিমালা অনুযায়ী এক বস্তা থেকে এক টন পর্যন্ত গম কৃষকের কাছ থেকে সংগ্রহ করবে খাদ্য বিভাগ। পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত দেড় লাখ টন গম সংগ্রহ হয়ে গেছে। এর আগের বছরগুলোতে কোনো সময়েই এত দ্রুত গম সংগ্রহ হয়নি বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে। এমনকি কোনো বছরই খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি।
খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, গমের সংগ্রহ মূল্য যখন নির্ধারিত হয়, তখন বাজারে গমের দাম বেশি ছিল। আন্তর্জাতিক বাজারেও গমের দাম বাড়তির দিকে থাকায় সরকার ২৭ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত নেয়।
প্রকৃত কৃষকেরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম দামে বাজারে কিংবা মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে গম বিক্রি করতে বাধ্য হচ্ছেন—এমন অভিযোগ তুলে গম চাষিরা এর প্রতিবাদে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঢাকার বাইরে থেকে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: রানীশংকৈল উপজেলার গম সরবরাহকারীদের মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলীসহ মহাজোটের স্থানীয় বেশ কয়েকজন নেতা রয়েছেন। আর তালিকা তৈরি করেছেন সাংসদসহ স্থানীয় ওই নেতারাই।
সলিম উদ্দিন নামের একজন গমচাষি প্রথম আলোকে বলেন, বহু চেষ্টা করেও সরকারি গুদামে গম বিক্রির জন্য কৃষক স্লিপ পাননি তিনি। শেষমেশ ১৯ টাকা কেজি দরে বাজারে তাঁর সব গম বিক্রি করতে হয়েছে।
অনিয়মের অভিযোগ অস্বীকার করেছের ক্রয় কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য কর্মকর্তা মো. রেজাউল মোস্তফা। তিনি দাবি করেন, ক্রয় কমিটি গম কেনার বিষয়ে কোনো তালিকা তৈরি করেনি।
তবে তালিকা তৈরির সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সইদুল হক বলেন, ‘আমি ক্রয় কমিটির সদস্য নই। তবু কমিটি আমার নামে ১০০ মেট্রিক টন গম রেখেছে। আমি গম কৃষকদের সরবরাহের সুযোগ দিয়েছি।’
ইউএনও মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সাংসদ নিজে কৃষক বাছাই করে তালিকা তৈরির কাজটি নিলে আমাদের বলার কিছু থাকে না।’
নাটোর: গত শনিবার ভোরে সদর খাদ্যগুদাম এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিটিতে পাঁচ মেট্রিক টন করে ২৮০টি পাওয়ার ট্রলি গম খালাসের অপেক্ষায় আছে। ট্রলির মালিকেরা বলেন, এসব গমের মালিক শহর যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
গুদামে গম বিক্রির কথা স্বীকার করে রবিউল প্রশ্ন করেন, ‘আমি গম বিক্রি করলে সমস্যা কী?’ কিন্তু এ গম কৃষকের কাছ থেকে সরাসরি সরকারের কেনার কথা জানালে রবিউল বলেন, ‘একই কথা। আমি কৃষকের কার্ড সংগ্রহ করে গম বিক্রি করছি।’
সুজন আলী নামের একজন ট্রলিচালক বলেন, এ গমের মালিক শহরের ওমর আলী নামের একজন ব্যবসায়ী। তিনি নাটোরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আওয়ামী লীগের নেতাদের গম বিক্রি প্রসঙ্গে বড়াইগ্রাম গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, ‘সবই তো জানেন। স্থানীয় নেতাদের কিছু সুবিধা তো দেখতেই হয়। তা না হলে গালিগালাজ শুনতে হবে।’
পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলার কৃষকেরা অভিযোগ করেছেন, কিছু অসাধু উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস), আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও নেতা-কর্মী কৃষকদের নামে কৃষক পরিচয়পত্র (টোকেন) ইস্যু করছেন। ওই কৃষককে এক হাজার থেকে দেড় হাজার টাকা দিয়ে সেই টোকেন ফেরত নিচ্ছেন। পরে সেই টোকেন তাঁরা বেশি দামে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।
এ নিয়ে সম্প্রতি সদর উপজেলার জগদল বাজারে অমরখানা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলামকে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, দলীয় চাপে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে গম সরবরাহের স্লিপ নেওয়া হয়েছে। না দিলে কৃষি কর্মকর্তাদের লাঞ্ছিত করা হচ্ছে।
পাবনা অফিস জানায়, এখানকার গমচাষিদের অভিযোগ, গম সংগ্রহ অভিযান শুরুর পর থেকেই জেলার প্রতিটি খাদ্যগুদাম স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেটের দখলে চলে গেছে। কৃষকেরা সরাসরি গুদামে গম বিক্রি করতে গেলে তা নেওয়া হচ্ছে না।
এ প্রসঙ্গে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘নানামুখী চাপে আমরা কৃষকের গম সংগ্রহ করতে দিতে পারি নাই।’
গত বুধবার দুপুরে সরেজমিন পাবনা জেলা সদর, আটঘরিয়া ও চাটমোহর উপজেলা এলএসডি খাদ্যগুদাম ঘুরে কোনো গুদামেই কৃষকের দেখা মেলেনি। কৃষকেরা নয়, ব্যবসায়ী ও গুদাম কর্তৃপক্ষ কার্ডধারী কৃষকের নাম তালিকা ব্যবহার করে কাজটি করছে।
এ অভিযোগ অস্বীকার করে জেলা খাদ্যনিয়ন্ত্রক মইন উদ্দিন বলেন, কোনো ব্যবসায়ী সিন্ডিকেট নয়, কৃষকের কাছ থেকেই সরসারি গম নেওয়া হচ্ছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, খোকসা, কুমারখালী ও মিরপুর উপজেলার কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তাঁরা অভিযোগ করে বলেন, সাধারণ কোনো কৃষক গম দিতে পারছে না। স্থানীয় মহাজোট নেতারা দুই থেকে তিন টাকা কমিশন নিয়ে পছন্দের লোকদের দিয়ে খাদ্য অফিসে গম পাঠাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগ ও জাসদ নেতাদের মধে দ্বন্দ্ব চলছে। ভাগাভাগি নিয়ে মিটমাট না হওয়ায় সভা ডাকতে ভয় পাচ্ছেন সংশ্লিষ্ট উপজেলার ইউএনও।
অন্যদিকে সদর উপজেলায় গম সংগ্রহ অভিযান নিয়ে আওয়ামী লীগের নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। গম সংগ্রহ অভিযান নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা কমিটি একটি প্রস্তাবনা দিলেও তা মানছেন না জেলা আওয়ামী লীগের এক সহসভাপতি। এ কারণে থমকে গেছে সংগ্রহ অভিযান।
সদর উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সদরে ৬০৪ টন গম সংগ্রহ নিয়ে নেতাদের মধ্যে বিভেদ শুরু হয়েছে।