গমখেতে ফের ব্লাস্ট রোগ
মেহেরপুরে গমখেতে আবারও ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। বিভিন্ন মাঠের গমখেতে গমের শীষ শুকিয়ে যাচ্ছে। জেলার সব এলাকায় এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আক্রান্ত খেত পরিদর্শন করেছেন কৃষি বিভাগ ও গম গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা।
গত বছর মেহেরপুর জেলাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ছত্রাকজনিত এই রোগের আক্রমণ দেখা দিয়েছিল। এতে জেলার প্রায় ১৪ হাজার হেক্টর জমির গম নষ্ট হয়ে যায়। কৃষি বিভাগ এ বছর জেলায় গম আবাদ না করার পরামর্শ দিয়েছিল। তারপরও অনেক কৃষক গমের আবাদ করেছেন।
গত রোববার দুপুরে সদর উপজেলার গোভিপুর মাঠের একটি গমখেত পরিদর্শন করে ব্লাস্ট আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আক্রান্ত গমখেতে শীষ ওপর থেকে শুকিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে তা নিচের দিকে নেমে যায়। আবার কোনো কোনো শীষ পুরোটাই সাদা হয়ে গেছে। এ অবস্থায় শীষের মধ্যে কোনো গম থাকে না। ব্লাস্ট আক্রমণের কারণে শীষ শুকিয়ে যাওয়ায় গম দানা থাকছে না। ব্লাস্টে আক্রান্ত খেতে কোনো ফসল পাওয়া সম্ভব না বলে জানান কৃষি বিজ্ঞানীরা।
পরিদর্শক দলের প্রধান দিনাজপুর গম গবেষণাকেন্দ্রের পরিচালক নরেশ চন্দ্র দেব বর্মা বলেন, প্রাথমিক পরিদর্শনে প্রতীয়মান হচ্ছে ব্লাস্টে আক্রান্ত বীজ, বীজ শোধন না করা ও আগাম গম আবাদকৃত খেতগুলোতে ব্লাস্টে আক্রান্ত হয়েছে। গত বছর যেহেতু এই এলাকায় ব্লাস্টের আক্রমণ হয়েছিল, তাই এর জীবাণু আক্রান্ত বীজ ও ঘাসের মধ্যে সুপ্ত ছিল। এবার গম আবাদ করায় তা ছড়িয়ে পড়েছে। চলতি মৌসুমে যদি গম আবাদ না করা হতো, তাহলে ব্লাস্ট দূর করা সম্ভব হতো।
চাষিরা কৃষি বিভাগের পরামর্শ না মেনে আবাদ করায় আক্রান্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ভালো বীজ, বীজ শোধন ও প্রয়োজনীয় ছত্রাকনাশক ছিটানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু কৃষকেরা তা মেনে চলেননি। এখনো যেসব খেত আক্রান্ত হয়নি, সেখানে প্রয়োজনীয় ছত্রাকনাশক ছিটালে ব্লাস্টের আক্রমণ না হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিদর্শন দলের সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) গোলাম মারুফ বলেন, গত বছর দেরিতে ব্লাস্ট ছত্রাকের আক্রমণ হওয়ায় প্রতিকার করা যায়নি। এবার শীষ বের হওয়ার প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হওয়ায় প্রয়োজনীয় প্রতিষেধক দিয়ে ঠেকানোর চেষ্টা করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে পরপর দুই বছর গম আবাদ না করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তা মানেননি। তবে ব্লাস্টের আক্রমণ ঠেকাতে কৃষিগবেষকেরা কাজ করছেন। আগামী বছরের মধ্যে বারি গম-৩০ নামের একটি জাত চাষের জন্য অবমুক্ত করা হবে। এই জাত ব্লাস্টপ্রতিরোধী বলে জানান কৃষি কর্মকর্তারা।
২০১৪ সালের রবি মৌসুমে জেলার তিনটি উপজেলায় ১৭ হাজার ৪১৩ হেক্টর জমিতে গমের আবাদ হয়; উৎপাদন ছিল ৭ হাজার ৯১১ মেট্রিক টন। গত মৌসুমে জেলায় ১৩ হাজার ৮৭৫ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল। এর মধ্যে বেশির ভাগ খেতের গম ব্লাস্টে আক্রান্ত হয়েছিল। কৃষি অফিসের পরামর্শে চাষিরা খেতেই বেশির ভাগ গম পুড়িয়ে দিয়েছিলেন। গত মৌসুমে ব্লাস্টের আক্রমণে হওয়া ক্ষতির কারণে চাষিরা গম আবাদ নিয়ে বিপাকে পড়েন। কৃষি অফিস নিরুৎসাহিত করায় এবার গমের আবাদ কমে যায়।
সদর উপজেলার যাদবপুর গ্রামের চাষি আনারুল ইসলাম বলেন, রুটি খাওয়ার জন্য গমের আবাদ আবশ্যক। কিন্তু কৃষি অফিস কোনো প্রণোদনা ছাড়াই গমের চাষ বন্ধ করতে বলেছে। তাঁর প্রশ্ন, এতে কীভাবে চাষ সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব? একই গ্রামের গমচাষি পারভেজ আহম্মেদ সবুজ বলেন, তাঁর খেতের পাশের খেত আক্রান্ত হয়েছে। এ জন্য তিনি ছত্রাকনাশক ছিটিয়েছেন। তবে গত বছরের মতো আবারও ব্লাস্টে সব গম নষ্ট হয় কি না তা নিয়ে শঙ্কায় আছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, কৃষি বিভাগের পরামর্শের কারণে এবার গমের আবাদ কম হয়েছে। চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় ৩ হাজার ৯৯০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। গত রোববার পর্যন্ত ৫ হেক্টর জমির গম ব্লাস্ট ছত্রাকে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত হয়নি এমন খেতে এক সপ্তাহ পরপর ছত্রাকনাশক ছিটিয়ে শীষ ভিজিয়ে দিতে পারলে ব্লাস্টে আক্রান্ত নাও হতে পারে। এ জন্য মাঠপর্যায়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।