গমের কেজি ৬ টাকা!
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের গম কেজিপ্রতি ছয় টাকা দরে কিনে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাংসদের ঘনিষ্ঠ এক ব্যক্তি ওই গম কিনছেন বলে জানা গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মসজিদ, মন্দির, কবরস্থান, ঈদগা, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য গত এপ্রিল মাসে টিআর প্রকল্পের আওতায় ২৯৬ মেট্রিক টন গম বরাদ্দ আসে। এই গম স্থানীয় সাংসদের করা তালিকা অনুসারে দৌলতপুরের ১৪টি ইউনিয়নের ১৬০টি প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়। কোনো প্রতিষ্ঠানে এক মেট্রিক টন আবার কোনোটিকে সর্বোচ্চ চার মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী জাকির হোসেন বলেন, এসব গম উত্তোলনের জন্য উপজেলা খাদ্য অফিস থেকে বিতরণ আদেশের (ডিও) চিঠি দেওয়া হয়। সেখান থেকে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মনোনীত ব্যক্তিরা গম ওঠাতে পারেন।টিআর প্রকল্পের যাবতীয় কাজকর্ম সাংসদের পক্ষে করেন ধান-চালের ব্যবসায়ী মফিদুল ইসলাম। তিনি সাংসদের ঘনিষ্ঠজন।অভিযোগ পাওয়া গেছে, খাদ্য অফিস থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মনোনীত ব্যক্তিরা বরাদ্দকৃত গম উত্তোলনের পর মফিদুল ইসলাম সেগুলো কিনে নেন। এ জন্য তিনি তাঁদের টনপ্রতি সর্বোচ্চ ছয় হাজার টাকা করে দেন। কোনো প্রতিষ্ঠানের কমিটির সদস্য বা চেয়ারম্যান তাঁদের বরাদ্দ পাওয়া গমের এ মূল্য নিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।উপজেলার আল্লার দরগার জয়ভোগা কবরস্থান উন্নয়ন ও পরিচালনা কমিটির অর্থ সম্পাদক খন্দকার জালাল উদ্দিন বলেন, ‘আমাদের কবরস্থানে টিআর প্রকল্পের এক মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। গত রোববার দুপুরে মফিদুল ইসলাম ওই গমের মূল্য বাবদ সাত হাজার টাকা আমার হাতে তুলে দেন। এ সময় তিনি আমাকে বলেন, “আপনি আমার আত্মীয় বলে এক হাজার টাকা বেশি দিলাম। অন্যদের টনপ্রতি ছয় হাজার টাকা করে দিই”।’তেলিগাংদিয়া গ্রামের একটি ঈদগা সংস্কারের জন্য তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ওই ঈদগা কমিটি পেয়েছে ২০ হাজার টাকা।নাম প্রকাশ না করার শর্তে পাঁচটি প্রতিষ্ঠানের মনোনীত ব্যক্তিরা বলেন, ‘যা পাচ্ছি, তা-ই ভালো। প্রতিবাদ করলে পরে যেসব প্রকল্পের বরাদ্দ আসবে, সেখানে আমাদের নাম থাকবে না।’মফিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গমের মূল্য টনপ্রতি ১৩ হাজার, সাড়ে ১১ হাজার; আবার কারও কারওটা ১৪ হাজার টাকা নির্ধারণ করে তালিকা অনুসারে টাকা দেওয়া হয়েছে। এসব দাম বর্তমান বাজারমূল্যে করা হয়েছে, কোনো অনিয়ম করা হয়নি। কম দামে টাকা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, এসব কাজে রাজনৈতিক চাপ থাকে। তবে কেউ যদি টাকা নিতে চান, তিনি সরকারি হিসাব অনুযায়ী টনপ্রতি ১৫ হাজার টাকা করে পাবেন।