গমের দরপতন, পীরগঞ্জে চাষিদের মাথায় হাত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাটবাজারে নতুন ওঠা গমের দাম কমে গেছে। মণপ্রতি ১০০ টাকা করে কমায় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন। কারণ, ওই দামে গম বিক্রি করায় তাঁদের উৎপাদন খরচই উঠছে না। সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু করার ঘোষণা দিলেও বাজারে এর প্রভাব পড়ছে না।
কৃষকেরা অভিযোগ করে বলেন, ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় গমের দাম কমে গেছে। কিন্তু ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগ অস্বীকার করেছেন।
গম ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ‘এখনো সরকার গম কেনা শুরু করেনি। শুরু করলে আমরা কতটুকু বরাদ্দ পাচ্ছি, তা বুঝতে পেরে সে মোতাবেক বাজারদরে গম কিনতাম। সরকারিভাবে গম দিতে পারব কি না, তার নিশ্চয়তাও দেখছি না। তাই বেশি দাম দিয়ে গম কিনতে ভয় পাচ্ছি।’
গত বৃহস্পতিবার নসিবগঞ্জ হাটে আসা পাইকার গোলাম রব্বানী ও এনামুল হক বলেন, এক মণ শুকনো গম ৭০০ টাকায় কিনলেও মণপ্রতি পাঁচ-ছয় কেজি কমে যায়। শ্রমিক, হাটের হাসিল আর পরিবহন খরচ বাদ দিলে প্রতি মণ গমের ক্রয়মূল্য দাঁড়ায় সাড়ে ৮০০ টাকা। এ জন্য তাঁরা গমের দাম বাড়াতে পারেন না।
গত বুধবার পীরগঞ্জ পৌরসভা হাটে বেতুরা গ্রামের ইউসুফ আলী বলেন, ‘এক সপ্তাহ আগে প্রতি মণ শুকনো গম ৭২৫ টাকা দরে বিক্রি করেছি। অথচ এক সপ্তাহ পর গমের দাম কমে হয়েছে সাড়ে ৬০০ টাকা। ভেজা গম ৬০০ টাকার বেশি দামে বিক্রি হয় না।’
রামদেবপুর গ্রামের রশিদুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে কালিয়াগঞ্জ বাজারে প্রতি মণ চায়না-৩ জাতের গম ৭০০ টাকায় বিক্রি করেছি। অথচ বুধবার পীরগঞ্জ বাজারে একই জাতের গমের দাম সাড়ে ৬০০ টাকার বেশি বলে না। আর ভেজা গম পৌনে ৬০০ থেকে ৬০০ টাকার বেশি দাম বলেন না কেউ।’
চন্দরিয়া গ্রামের আবদুল আজিজ বলেন, ‘সরকার প্রতি কেজি গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করলেও প্রতি কেজি গম সাড়ে ১৪ থেকে ১৫ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে না। আমি গত মঙ্গলবার প্রতি মণ শুকনো গম ৭০০ টাকা দরে এবং ভেজা গম সোয়া ৬০০ টাকা দরে বিক্রি করেছি।’
পীরগঞ্জ সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইবুর রহমান বলেন, এবার পীরগঞ্জে ৪ হাজার ৩০০ মেট্রিক টন গম সংগ্রহের বরাদ্দপত্র পাওয়া গেছে। ক্রয় কমিটি সভা করলেই ক্রয় শুরু হয়ে যাবে।