গমের পরিবর্তে অন্য ফসল চাষের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লাস্ট রোগের কারণে কুষ্টিয়া ও মেহেরপুরে এ বছর গম চাষে নিরুৎসাহিত করছে কৃষি অধিদপ্তর। এ দুটি জেলায় কৃষকদের গমের পরিবর্তে ভুট্টা, মসুর, সরিষা এবং শীতকালীন শাকসবজি চাষের পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয় সূত্র জানায়, ব্লাস্ট রোগের কারণে গত অর্থবছরে গমের সবচেয়ে বেশি ক্ষতি হয় মেহেরপুরে। ২০১৫-১৬ অর্থবছরে এখানে প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে গম চাষ হয়। প্রায় সব খেতেই ব্লাস্ট রোগ দেখা দেয়। কৃষি কর্মকর্তারা এসব খেত আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। এরপরও ব্লাস্টের জীবাণু বা ছত্রাক থেকে যায়। সে বছর মেহেরপুরে গমের ফলন হেক্টরপ্রতি দেড় টন হয়। অথচ ফলন হওয়ার কথা ছিল সাড়ে চার টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত অর্থবছর এখানে ১৬ হাজার ৭১০ হেক্টর জমিতে গম চাষ হয়। এর মধ্যে ৩২০ হেক্টর জমিতে ব্লাস্ট রোগ দেখা দেয়। এতে ৩২ হেক্টর জমির গম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভেড়ামারা উপজেলায় ক্ষতি হয় সবচেয়ে বেশি। খেতগুলোয় বিষ প্রয়োগ করা হয়।
দুটি জেলার খামারবাড়ি সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর থেকে গমের বীজ বপনের সময়। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। গত ২৫ অক্টোবর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাঠানো চিঠির মাধ্যমে কুষ্টিয়া ও মেহেরপুরে কৃষকদের গমের পরিবর্তে অন্য ফসলে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়। এর আগেই কয়েক মাস ধরে জেলা দুটির বিভিন্ন ইউনিয়নে মাঠ দিবসে কৃষকদের গম চাষ না করার জন্য বলা হয়। এটি মাইকে প্রচারও করা হয়। বিতরণ করা হয় প্রচারপত্র (লিফলেট)।
তবে অনেক কৃষক মনে করছেন, এ অবস্থায় গমখেতগুলো তামাক চাষের আওতায় চলে যেতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গম চাষ না করলে কোনো ঘাটতি হবে না। গমের জায়গায় সবজি চাষে বেশি উৎসাহ দেওয়া হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার ভারপ্রাপ্ত উপপরিচালক হায়াত মাহমুদ বলেন, জেলার সব জায়গায় নিয়মিত খোঁজ রাখা হচ্ছে। তারপরও যদি কেউ গম চাষ করেন, তাঁকে সতর্ক থাকতে বলা হচ্ছে। এ বছর গম চাষ করা না হলে পরের বছর ব্লাস্টের ছত্রাকের কার্যকারিতা সীমিত হয়ে যাবে।