গমের ফলন ও দামে কৃষকের মুখে হাসি
গত মৌসুমে আমন ধান আবাদ করে লোকসান হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন পাবনার কৃষকেরা। পরের মৌসুমে সরিষা আবাদ করে ঘাটতি কিছুটা পূরণ হয় তাঁদের। চলতি মৌসুমে গম আবাদ করে সব ক্ষতি পুষিয়ে তাঁরা লাভের মুখ দেখছেন। কারণ এ বছর গমের বাম্পার ফলন হয়েছে, দামও পাচ্ছেন ভালো।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার নয় উপজেলায় ৩৯ হাজার ৭৩ হেক্টর জমিতে গম আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার টন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন জানান, পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার গমের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।কৃষকেরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রতি বিঘা জমিতে ১৩-১৫ মণ গম পাওয়া যাচ্ছে। এ বছর গমের বাজারও ভালো। প্রতি মণ গম ৮৫০ টাকা থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি বিঘা জমি থেকে কৃষক সাড়ে ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় তাঁদের সাত থেকে আট হাজার টাকা লাভ হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ বি এম মোস্তাফিজার রহমান বলেন, পাবনা জেলার মাটি গম চাষের জন্য উপযোগী। এ বছর আবহাওয়াও অনুকূলে ছিল। সুষম সার ব্যবহার এবং বারি জাতের বীজ রোপণ করে কৃষকেরা বাম্পার ফলন পেয়েছেন। এতে কৃষকদের আমন ধান আবাদের ক্ষতি পুষিয়ে অনেক লাভ থাকবে।