রংপুরের তারাগঞ্জে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প চেয়ারম্যানরা প্রতারণার আশ্রয় নিয়ে গমের পরিবর্তে শ্রমিকদের টাকা দিচ্ছেন। আবার নিয়ম ভেঙে ওই গম কালোবাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি প্রকল্পে সাইনবোর্ড টাঙানোর নিয়ম থাকলেও তা মানা হয়নি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ১৫ ফেব্রুয়ারি তারাগঞ্জে ১০০ টন গম বরাদ্দ আসে। ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমেনা খাতুন ও আলমপুরের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ২০ ফেব্রুয়ারি উপজেলা সমন্বয় কমিটির সভায় এই ১০০ টন গম উপজেলার চেয়ারম্যান বণ্টন করে দেন। মহাজোট সরকারের স্থানীয় নেতাদের দেওয়া হয় ২০ টন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা মিলে নেন ৩০ টন, বাকি ৫০ টন গম দেওয়া হয় পাঁচ ইউপি চেয়ারম্যানকে, ১০ টন করে।পিআইওর অফিস সহকারী মোন্নাফ হোসেন জানান, এই ১০০ টন গমের বিপরীতে গ্রহণ করা হয় ১০টি প্রকল্প। প্রথম ও দ্বিতীয় কিস্তিতে প্রকল্পগুলোর বিপরীতে ৫০ টন গম প্রকল্পের চেয়ারম্যানদের সরবরাহ করা হয়। প্রকল্প বাস্তবায়নের শর্ত হিসেবে প্রতি ঘনমিটার মাটি কাটার জন্য শ্রমিকদের দুই কেজি ৪৮৯ গ্রাম করে গম দিতে হবে। কোনো অবস্থাতেই গম বিক্রি করে টাকায় শ্রমিকদের মজুরি পরিশোধ করা যাবে না। প্রতিটি প্রকল্পে সাইনবোর্ড টাঙাতে হবে।অভিযোগ রয়েছে, কোনো প্রকল্প চেয়ারম্যান এ নিয়ম মানছেন না। তাঁরা গমের পরিবর্তে শ্রমিকদের নগদ টাকা দিচ্ছেন। অথচ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ভুয়া টিপসইয়ের মাস্টাররোল দাখিল করে বরাদ্দকৃত গম উত্তোলনের পর কালোবাজারে তা বিক্রি করা হচ্ছে।ইকরচালী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর তেঁতুলডাঙ্গার মোড় থেকে মজিদ শাহের জমি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ১০ টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। ৯ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০-২৫ জন শ্রমিক এ রাস্তায় মাটি কাটছেন। এ রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, ‘গম চাইলে মেম্বার বলেন, সরকার টাকা বরাদ্দ দিছে।’ তাঁদের প্রতিদিন ১৪০ টাকা দেওয়া হয়। প্রকল্প চেয়ারম্যান মজিদ শাহ বলেন, ‘ওনার কথা মিথ্যা। গম দিলেও শ্রমিকেরা নেয় না। সন্ধ্যা হইলে তারা নগদ টাকা চায়। তাই গমের পরিবর্তে টাকা দেওয়া হচ্ছে।’একই ধরনের অভিযোগ পাওয়া গেছে ঈমামের হাটের পাকা রাস্তা হতে শাহাব উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, কুর্শা সাঞ্জু মনির চৌপথী থেকে কৃষ্ণপুর রমজানের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, ডাঙ্গীরহাট হেকজোরার বাড়ি থেকে ডাঙ্গীর ব্রিজ পর্যন্ত রাস্তা নির্মাণসহ ৯টি প্রকল্পের মাটিকাটা শ্রমিকদের কাছ থেকে। এসব প্রকল্পের প্রতিটিতে ১০ টন করে ৯০ টন গম বরাদ্দ দেওয়া হলেও শ্রমিকদের নগদ টাকায় কাজ করানো হচ্ছে। এসব প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান আজিজুল ইসলাম, হাছনা বানু, সেকেন্দার হোসেন, ঈমান উদ্দিন জানান, গমের পরিবর্তে টাকা দেওয়া অনিয়ম। কিন্তু শ্রমিকেরা তা বোঝন না। তাঁরা টাকা চান। নগদ টাকা না দিলে তাঁরা কাজে আসতে চান না। উপজেলার চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, ‘আমি তো কোনো গম বণ্টন করে দিইনি। বরাদ্দকৃত গমের পরিবর্তে ইউনিয়ন পরিষদ থেকে প্রকল্প গ্রহণ করা হয়েছে।’পিআইও আনিসুর রহমান (অতিরিক্তি দায়িত্বপ্রাপ্ত) বলেন, প্রকল্প চেয়ারম্যানদের গম বিতরণের নির্দেশ দেওয়া আছে। এ নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।