গমের ব্লাস্ট রোগের জীবাণু ধানেও ছড়াতে পারে
গমের ফলন উজাড় করে দেওয়া ‘ব্লাস্ট’ রোগের ছত্রাক জীবাণু ধানগাছেও ছড়াতে পারে। একদল জার্মান গবেষক সম্প্রতি গবেষণাগারে পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন। তবে এটি কৃষকের মাঠে বা উন্মুক্ত স্থানে এখনো পরীক্ষা করে দেখা হয়নি। গমের ব্লাস্ট রোগে আক্রান্ত যেসব দেশে ধান চাষ হয়, সেসব দেশে মাঠপর্যায়ে আরও বিস্তারিত গবেষণা করার সুপারিশ করেছে গবেষক দলটি।
বাংলাদেশে গত বছর প্রথমবারের মতো গমের ব্লাস্ট রোগের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। গত বছর দেশের সাতটি জেলায় এ রোগে আক্রান্ত ফসলের ৯০ শতাংশই নষ্ট হয়ে যায়।
গত ২৬ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে গমের ব্লাস্ট রোগবিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় জার্মানির গোটিংগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাঁদের গবেষণার ফলাফল তুলে ধরেন। কর্মশালাটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় তা নেপালে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গমের ব্লাস্ট রোগের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলাম ও জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী কাঠমান্ডুর ওই কর্মশালায় বাংলাদেশ থেকে যোগ দেন। পৃথিবীর শীর্ষস্থানীয় গম গবেষকেরা ব্লাস্ট রোগ নিয়ে তাঁদের গবেষণা তুলে ধরেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করে জানতে চাইলে তাঁরা জানান, গমের ব্লাস্ট রোগ ধানে ছড়ায় কি না তা পরীক্ষা করতে ইতিমধ্যে তাঁরা গবেষণা শুরু করেছেন। গত বছর গমের ব্লাস্ট রোগে আক্রান্ত জেলাগুলো থেকে তাঁরা ১১টি নমুনা সংগ্রহ করেছেন। ওই নমুনা থেকে ব্লাস্ট রোগের জন্য দায়ী গমের নমুনা সংগ্রহ করে তা ধানগাছে ছড়ায় কি না তা পরীক্ষা করে দেখা হয়েছে। সেই পরীক্ষার আংশিক ফলাফলে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গমের ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ার পর গোটিংগেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের গবেষক আন্ড্রিয়াস ফন টিডেমেনের নেতৃত্বে চারজন গবেষক তাঁদের গবেষণাটি শুরু করেন। এত দিন মূলত ব্রাজিল, বলিভিয়া, আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার দেশগুলোতে ব্লাস্ট রোগের সংক্রমণ হতো।
এ বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীর খাদ্যভান্ডার হিসেবে খ্যাত এশিয়ায় প্রথমবারের মতো রোগটির আক্রমণ হয়। এর পরই বিশ্বের গম বিজ্ঞানীরা বাংলাদেশ থেকে যাতে এই রোগ ভারতসহ এশিয়ার অন্য দেশগুলোতে ছড়িয়ে না পড়ে এবং ধানসহ অন্য দানাদার শস্যে যাতে না ছড়ায়, তা নিয়ে গবেষণা শুরু করেন।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ড. আবদুল লতীফ প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত গমের ব্লাস্ট রোগের জীবাণু ধানে আক্রমণ করার কোনো নজির আমরা পাইনি। তবে ওই জার্মান গবেষক যেহেতু বিষয়টি তুলে ধরেছেন, আমরা এই আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে ব্লাস্ট রোগে আক্রান্ত গমের যে ১১টি নমুনা নিয়ে কাজ করছি, তার একটি থেকে ফলাফল পেয়েছি। তাতে গম থেকে ওই জীবাণু ছত্রাক ধানে ছড়ানোর কোনো প্রমাণ পাইনি। তবে বাকিগুলো পর্যবেক্ষণ করে এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত হতে পারব।’
জার্মান গবেষক এটিয়েনে ডুবেইলারের ওই গবেষণায় দেখা গেছে, গ্রিন হাউসের মধ্যে পাশাপাশি গম ও ধানের গাছ রোপণের পর মাস খানেকের মধ্যে গমগাছ থেকে ব্লাস্ট রোগের জন্য দায়ী ছত্রাক ধানগাছে ছড়িয়ে পড়েছে। ধানের পাতা ও ধানের দানার কোষ পর্যায়ে ওই ছত্রাক ছড়িয়ে পড়তে দেখা গেছে। ধীরে ধীরে গমের মতো ধানের পাতা কালো হয়ে পুড়ে যেতে ও দানা শুকিয়ে যেতে দেখা গেছে।
এ ব্যাপারে অধ্যাপক তোফাজ্জল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গ্রিন হাউসে যেহেতু গম থেকে এই রোগে ধানে ছড়িয়ে পড়তে দেখা গেছে, সেহেতু অবশ্যই আমাদের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমরা এই ঝুঁকির বিষয়টিকে মাঠপর্যায়ে পরীক্ষা করার উদ্যোগ নিয়েছি।’
জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ধানে এই রোগ ছড়াতে পারে, এ নিয়ে আতঙ্কিত না হয়ে বরং বিষয়টি নিয়ে দ্রুত দেশ-বিদেশের গবেষকদের দিয়ে গবেষণা করানো উচিত। যাতে এ নিয়ে কোনো ঝুঁকি থাকলে তা মোকাবিলা করা যায়।