গয়নার দোকানেও ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের বাকি আছে আর দুই দিন। পোশাকের সঙ্গে মানানসই গয়না না হলে সাজগোজ পূর্ণতা পায় না। কিশোরী-তরুণীরা তাই শেষ মুহূর্তে গয়না কিনতে ব্যস্ত। গতকাল জেনেটিক প্লাজার একটি দোকান থেকে ছবিটি তোলা l প্রথম আলো
ঈদের বাকি আছে আর দুই দিন। পোশাকের সঙ্গে মানানসই গয়না না হলে সাজগোজ পূর্ণতা পায় না। কিশোরী-তরুণীরা তাই শেষ মুহূর্তে গয়না কিনতে ব্যস্ত। গতকাল জেনেটিক প্লাজার একটি দোকান থেকে ছবিটি তোলা l প্রথম আলো

ঈদুল আজহার বাকি আছে হাতেগোনা দুই দিন। এই ঈদে কেনাকাটার তালিকার প্রথমেই থাকে কোরবানির পশু। তারপরও সামর্থ্যবানেরা ঈদের উৎসবকে আনন্দঘন করে তুলতে পোশাক-আশাক, প্রসাধন ও গয়না কিনতে রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে যাচ্ছেন। ফলে কোরবানির পশুর হাটে যেমন বিক্রি জমজমাট হয়ে উঠেছে, তেমনি বিপণিবিতানগুলোতে পোশাক, প্রসাধন ও গয়নার বিক্রি বেড়েছে।
গতকাল মঙ্গলবার ধানমন্ডির অঞ্জনস, জেনেটিক প্লাজা, লালমাটিয়ার আড়ং, মোহাম্মদপুরের তাজমহল রোড, নিউমার্কেট ও গাউছিয়ার বিভিন্ন দোকানে ক্রেতাদের যথেষ্ট উপস্থিতি দেখা গেছে। এদিন সাপ্তাহিক ছুটি হলেও এলিফ্যান্ট রোড ও এর আশপাশের এলাকার সব দোকানপাট খোলা ছিল। ক্রেতারা নানান ফরমাশ ব্যতিব্যস্ত করে রেখেছিলেন বিক্রেতাদের।
পোশাক-আশাকের কেনাকাটা প্রায় শেষ। গতকাল দেখা গেছে গয়না ও প্রসাধনের দোকানগুলোতে তরুণীদের বেশ ভিড়। মুক্তা, প্রবাল, এমেথিস্ট, পান্না—এসবের ওপরে বিভিন্ন রঙের ‘বিটস’ দিয়ে তৈরি গয়না পাওয়া যাচ্ছে দেড় শ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকায়। বড় ঝুমকা, পাশা, রুপার বালা, চুড়িও ক্রেতাদের নজর কাড়ছে। সোনার দাম কমে গেছে বলে ঈদের আগে সোনার গয়নার ক্রেতাও তুলনামূলকভাবে বেড়েছে।
নিউমার্কেটে সোনার গয়না কিনতে আসা নিলুফার বেগম বলেন ‘সোনা শুধু সাজের জন্য নয়, দুঃসময়ে সোনা আর্থিক নিরাপত্তাও দেয়।’ এবারের ঈদে তিনি কিনেছেন কানের দুল।
পার্বত্য এলাকার বাসিন্দারা যে ধরনের গয়না পরেন সেগুলোর আদলে তৈরি গয়নাও শোভা পাচ্ছে শহুরে তরুণীদের সজ্জার উপকরণ হিসেবে। পায়েল, খোঁপার কাঁটা, আংটি ইত্যাদি আজকাল ঈদের সাজসজ্জার প্রয়োজনীয় এক অনুষঙ্গ হয়ে উঠেছে। গাউছিয়া মার্কেটে দেখা গেল এসব গয়নার বেশ কাটতি।
আবার হাতের বাহুতে পরার বাজু, গলায় হাঁসুলি, পুরো কানের সঙ্গে লেপ্টে থাকা পাশা দাদি, নানিরা পরতেন। এসব গয়না এখন ফ্যাশন সচেতন আধুনিকাদের কাছেও খুব প্রিয়। বড় মালা আর কানের দুল এবার দখল করে আছে ঈদের বাজার।
এ ছাড়া গয়না পাওয়া যাচ্ছে যাত্রা, কে-ক্র্যাফট, অঞ্জনস, দেশালসহ বিভিন্ন ফ্যাশন হাউসে। এগুলোর দাম তিন শ থেকে দুই হাজার টাকার মধ্যে।
জেনেটিক প্লাজার কেজি, আনাম এসব গয়নার দোকানে পাওয়া যাচ্ছে পিকু নামের ভারতীয় একটি সিনেমায় ব্যবহার করা বিশেষ নকশার কানের দুল, মালা ও আংটি। আরও আছে কাপড়ের নকশায় তৈরি মালা, গোলাপ ফুলের কারুকাজ করা বালা, বিভিন্ন বিটস দিয়ে তৈরি মালা ও বড় কানের দুল। এগুলোর দাম পাঁচ-ছয় শ টাকার মধ্যে। আর রকমারি কাচের চুড়ি মিলবে গাউছিয়া ও নিউমার্কেটে।
গয়নার শৌখিন ক্রেতারা একবার হলেও আড়ংয়ে ঢুঁ দেন। লালমাটিয়ার আড়ংয়ের বিক্রয়কর্মীরা জানালেন, সমানতালেই বিক্রি হচ্ছে সোনা ও রুপার গয়না। সোনার ওপর রুবি ও পান্নার মতো পাথর দিয়ে তৈরি সীতাহার ও ছোট কানের দুল বিক্রি হচ্ছে আট থেকে ২০ হাজার টাকায়।