গয়েশ্বর ও হাবিব-উন-নবীর বাসায় পুলিশের অভিযান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের রাজধানীর বাসায় গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। ওই সময় তাঁরা কেউ বাসায় ছিলেন না।
গত বুধবার বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলার আসামি হাবিব-উন-নবী। তবে পুলিশ এই অভিযানের কথা অস্বীকার করেছে।
পারিবারিক সূত্র জানায়, রাত সোয়া আটটার দিকে একদল পুলিশ রায়েরবাজারে বিএনপির নেতা গয়েশ্বরের বাসার প্রতিটি কক্ষে তল্লাশি করে। হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, গয়েশ্বরের বাসার সামনের সড়কে প্রতিনিয়ত পুলিশ টহল দেয়। তবে ওই বাসায় পুলিশ অভিযান চালায়নি।
গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ফোরামের এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে গয়েশ্বর বকশীবাজারে হামলা, সংঘর্ষ ও মামলা নিয়ে সরকারের সমালোচনা করেছিলেন।
হাবিব-উন-নবীর ঘনিষ্ঠজনেরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শান্তিনগরের সার্কিট হাউস রোডে কর্ণফুলী গার্ডেন সিটির পেছনের বাসায় সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। পুলিশ ওই বাড়ির ছাদেও যায়। এ সময় হাবিব-উন-নবীকে না পেয়ে পুলিশ চলে যায়।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, রমনা থানার পুলিশ এ ধরনের কোনো অভিযান চালায়নি।