গয়েশ্বর তিন দিনের রিমান্ডে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ক্ষমতাসীন দলের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গয়েশ্বরকে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। খবর ইউএনবির।
আজ সকালে গয়েশ্বরকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক হাবিল হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. তসরুজ্জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ ভোর ছয়টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ছবি বিশ্বাসের ওপর হামলা ছাড়াও পুলিশের ওপর আক্রমণের অভিযোগ আনা হয়। একই অভিযোগে চকবাজার থানায় আরও একটি মামলা করে পুলিশ।