গয়েশ্বর রিমান্ডে, ধরপাকড় আতঙ্কে নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তুরাগ এলাকা থেকে গতকাল ৫৪টি ত্রিকোণাকৃতির কাঁটাসহ বিএনপির দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ l ছবি: প্রথম আলো
রাজধানীর তুরাগ এলাকা থেকে গতকাল ৫৪টি ত্রিকোণাকৃতির কাঁটাসহ বিএনপির দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ l ছবি: প্রথম আলো

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বুধবারের সংঘর্ষের সময় আদালত কক্ষের ভেতরে ছিলেন। ওই সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়নি। তবু গতকাল শুক্রবার ভোরে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহবাগ থানায় দায়ের হওয়া সাংসদ ছবি বিশ্বাসকে হত্যাচেষ্টার মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গাজীপুরের সমাবেশ, ৫ জানুয়ারি নির্বাচনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য তৎপরতা—সব মিলিয়ে দলের নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। গা ঢাকা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতা-কর্মীরা।
বকশীবাজারে গত বুধবারের মারামারির ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে বিএনপি ও ছাত্রদলের ৭৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে চকবাজার থানায় একটি আর সাংসদের ওপর হামলা, তাঁর গাড়ি পোড়ানো ও আরও কিছু যানবাহন ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা করে। ছবি বিশ্বাসের ওপর হামলার মামলায় বিএনপি ও ছাত্রদলের ২২ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খানকে এ ঘটনার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কোথাও গয়েশ্বরের নাম নেই।
গয়েশ্বরের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, বুধবার মেডিকেলের সামনে যখন সাংসদের গাড়িতে হামলা হয়, তখন গয়েশ্বর রায় বকশীবাজারে আদালত কক্ষে খালেদা জিয়ার পাশেই ছিলেন। তিনি মামরার এজাহারভুক্ত আসামিও নন। গাজীপুরের জনসভা বানচাল করতে পরিকল্পিতাভাবে এ মামলায় তাঁর নাম ঢোকানো হয়েছে।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ওই হামলার উসকানিদাতা বা পরিকল্পনাকারী হিসেবে তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানিয়েছে, গতকাল ভোরে তুরাগ এলাকা থেকে তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান, বিএনপি কর্মী মহিউদ্দিন ও স্থানীয় ফেনী ওয়ার্কশপের মালিক মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের কাছ থেকে ৫৪টি ত্রিকোণাকৃতির ধারালো কাঁটা উদ্ধার করা হয়। নাশকতার অংশ হিসেবে এসব কাঁটা রাস্তায় ছড়িয়ে যানবাহনের চাকা ফুটো করার পরিকল্পনা ছিল বিএনপির। ডিবির একজন কর্মকর্তা দাবি করেন, গ্রেপ্তার হওয়া তিনজনের সঙ্গে নাশকতা পরিকল্পনা নিয়ে গয়েশ্বরের একাধিকবার মুঠোফোনে কথা হয়েছে। সেই কথোপকথনের রেকর্ড ডিবির কাছে আছে।
মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে গয়েশ্বরের মেয়ে অপর্ণা রায় সাংবাদিকদের বলেন, আগের সব মামলায় জামিনে থাকলেও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর্ণার অভিযোগ, বৃহস্পতিবার রাত আটটার দিকে তাঁদের রায়ের বাজারের বাসায় অভিযানের নামে সবকিছু তছনছ করে ডিবি।
এদিকে ধরপাকড় আতঙ্কে বিএনপি নেতারা গা ঢাকা দিয়েছেন বলে দলের সূত্রগুলো জানিয়েছে। কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, গয়েশ্বরকে গ্রেপ্তারে কেরানীগঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ। উপজেলার বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মীর বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ অভিযান চালায়। তবে তার আগেই গা ঢাকা দেন তাঁরা।
ওই রাতে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জিনজিরা হাউলি এলাকায় ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবীরের বাসায় এবং একই এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকাররম হোসেনের বাসাসহ কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হানা দেয়। মোকাররম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অহেতুক হয়রানি করছে।’
তবে কেরানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘বিএনপির কোনো নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালানোর বিষয়টি আমার জানা নেই।’