গয়েশ্বরের কারামুক্তিতে বাধা নেই: আইনজীবী
নাশকতার অভিযোগে করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
গয়েশ্বর রায়ের আইনজীবীরা বলেছেন, এর ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না।
আদালতে গয়েশ্বরের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। তাঁকে সহযোগিতা করেন দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
নিতাই রায় চৌধুরী পরে প্রথম আলোকে বলেন, সর্বশেষ যে তিনটি মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার দেখানো হয়েছে, তার সবগুলোতে তিনি জামিন পেয়েছেন। যদি তাঁকে নতুন করে আর কোনো মামলায় গ্রেপ্তার দেখানো না হয়, তাহলে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।
গয়েশ্বরের আইনজীবীরা বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর নাশকতার চেষ্টার অভিযোগে রাজধানীর তুরাগ থানায় বিএনপির নেতা গয়েশ্বরের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই দিনেই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গয়েশ্বর জামিনের আবেদন করলে গত ৬ মে এই মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করলে ২৪ মে আপিল বিভাগ জামিন স্থগিত করেন। এরপর গয়েশ্বরের আইনজীবী স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করলে গতকাল আপিল বিভাগ তা মঞ্জুর করেন।