গয়েশ্বরের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফলে তাঁর কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল রোববার ওই মামলায় গয়েশ্বরের জামিন মঞ্জুর করেন। আদালতে গয়েশ্বরের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
আদেশের পর নিতাই রায় চৌধুরী বলেন, ২০১৩ সালের ৩০ ডিসেম্বরে রামপুরা থানায় পুলিশ এই মামলা করে। গত বছরের ৭ মে তিনি এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। এরপর তিনি কারাগার থেকে ছাড়াও পান। চলতি বছরের ২০ মার্চ ওই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ৩ নভেম্বর বিচারিক আদালতে এই মামলায় গয়েশ্বরের হাজিরার দিন ছিল। সেদিন তিনি আদালতে হাজির হতে পারেননি। পরদিন তিনি হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর না করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।