গয়েশ্বরের বাড়িতে পুলিশের তল্লাশি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুর এলাকার বাড়িতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় তিনি বাড়িতে ছিলেন না।
এদিকে হরতালের প্রথম দিন ঢাকা-নবাবগঞ্জ সড়কের আমিরাবাদ এলাকায় অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায় অভিযোগ করেন, ‘সোমবার গভীর রাত থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ আমার বাবাকে গ্রেপ্তার করতে আমাদের বাড়িতে অভিযান চালায়। ভোররাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রাখে। এ সময় পুলিশ তল্লাশির নামে আমার অসুস্থ মাকে হয়রানি করে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মীর জামাল উদ্দিন বলেন, পুলিশ কারও বাড়িতে তল্লাশি চালায়নি বা কারও বাড়ি ঘেরাও করেনি। তবে ওই এলাকায় পুলিশ টহলে ছিল।