গরম ও পানি-বিদ্যুৎ-গ্যাস সংকটে বিপর্যস্ত নগরজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিহীন জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ, পানি আর গ্যাস-সংকট বাড়ছে রাজধানী ও আশপাশের এলাকায়। তীব্র দাবদাহে চাহিদা বাড়লেও সে অনুযায়ী পানি মিলছে না। দিনে-রাতে ঘণ্টায় ঘণ্টায় চলছে লোডশেডিং। ফলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।ঢাকা ও এর আশপাশের অনেক এলাকায় দুপুরের দিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নাবান্নাসহ নিত্যদিনের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লিতে বিদ্যুতের অভাবে তৈরি পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে। সেখানকার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ফলে ঢাকার তিন এলাকাসহ পাঁচ উপজেলার প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেরানীগঞ্জের জিনজিরা, কালিন্দী, গোলামবাজার, পূর্ব আগানগর, কালীগঞ্জ, চুনকুটিয়া, খেজুরবাগ, চড়াইল, শুভ্যাঢা ও মান্দাইল এবং ঢাকার ঝিগাতলা, লালবাগ ও কামরাঙ্গীরচরে বিদ্যুৎ-পরিস্থিতি অস্বাভাবিক। রাজধানীর পূর্ব রাজাবাজার, তেজতুরী বাজার, তেজকুনীপাড়া, নাখালপাড়ার অধিকাংশ বাসিন্দার নিত্যদিনের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে বিদ্যুৎ, পানি ও গ্যাসের অভাবে। তেজকুনীপাড়ার ৮১ নম্বর বাড়ির বাসিন্দা ইব্রাহিম বলেন, ১০ দিন পর লাইনে পানি পেয়েছেন বৃহস্পতিবার সকাল সাতটায়। এক ঘণ্টা পর পানি আবার চলে গেছে। ১০ দিনে বিভিন্ন স্থানে গিয়ে গোসলসহ অন্যান্য কাজ সেরেছেন।১৮০ নম্বর বাড়ির মো. আনোয়ার হোসেন বলেন, বন্ধুবান্ধবের বাড়ি গিয়ে গোসলসহ অন্যান্য কাজ সেরে আসি। বাসায় দিনের অধিকাংশ সময় পানি পাই না। পানির জন্য রাত জেগে অপেক্ষা করতে হয়। পশ্চিম নাখালপাড়ার ৯ নম্বর বাড়ির কেয়ারটেকার মোতালেব গাজী জানান, বাড়ির ছয়টি পরিবার প্রতিদিনই পানির কষ্টে থাকে।পূর্ব রাজাবাজারের ১২৪ নম্বর বাড়ির মালিক আবদুল্লাহ ফারুক বলেন, গ্যাস ও পানি-সংকটের কারণে কেউ বাড়ি ভাড়া নিতে চাইছে না। বাধ্য হয়ে তিনি ব্যাচেলরদের ভাড়া দিচ্ছেন। রাজাবাজারের প্রধান সড়কে পানি পাওয়া গেলেও গলির ভেতর সব বাড়িতেই পানির সংকট রয়েছে। বর্তমানে নগরে ২৩০ কোটি লিটার পানির চাহিদা থাকলেও ঢাকা ওয়াসা উৎপাদন করতে পারে ২০৫ থেকে ২১৭ কোটি লিটার। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, বিদ্যুৎ-বিভ্রাটের কারণে পানির উৎপাদন কিছুটা কম হচ্ছে। গরমে নগরের কিছু এলাকায় সমস্যা থাকতে পারে। তবে সেটা ৫ শতাংশের বেশি নয়। ৯৫ শতাংশ মানুষ চাহিদা অনুযায়ী পানি পাচ্ছে। বিদ্যুৎ আসে-যায়: ১৮০ তেজকুনীপাড়ার আনোয়ার হোসেনের কণ্ঠে আক্ষেপের সুর, ‘কারেন্টের দিকে ভাই তাকাই না। কখন আসে কখন যায় জানি না। আগে লোডশেডিং সময় মানত। এখন তা মানে না।’১২৪/এ পূর্ব রাজাবাজারের সাবিকুন্নাহার বলেন, ২৪ ঘণ্টায় আট থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ পাই। রাত ১২টার পরও বিদ্যুৎ চলে যায়। এ সময় না ঘুমিয়ে বসে থাকতে হয়। বাসায় রেফ্রিজারেটরের খাবার নষ্ট হয়ে যায়। পূর্ব তেজতুরী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘সকালে নামাজের জন্য অজু করি বরফকল থেকে পানি এনে। গোসল করি কারওয়ান বাজারে পানির হাউসে গিয়ে। বাসায় ভাত খেয়ে দোকানে গিয়ে পানি খাই।’ ডিপিডিসি সূত্র জানায়, তাদের সর্বোচ্চ চাহিদা এক হাজার ১৮০ মেগাওয়াট। সরবরাহ করা হয় সর্বোচ্চ ৮৮০ মেগাওয়াট। ডেসকোর সর্বোচ্চ চাহিদা ৬৬৮ মেগাওয়াট। সর্বোচ্চ সরবরাহ ৪৫৬ মেগাওয়াট। ডিপিডিসির পরিচালক (অপারেশন) মিজানুর রহমান জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ উপকেন্দ্র এখনো ঠিক হয়নি। এর ফলে ঝিগাতলা, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় লোডশেডিং বেশি হচ্ছে। ওই তিন এলাকায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরও ঘাটতি থাকছে ৪০ মেগাওয়াট।