গরম ও লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

বৈশাখের তীব্র গরমের সঙ্গে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে দেশের বিভিন্ন স্থানের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে লোকজন স্থানীয় বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করাসহ বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করছেন। কলকারখানায় উৎপাদন কমে গেছে। এইচএসসি পরীক্ষার্থীরাসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হাসান শাহনেওয়াজ বলেন, চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাচ্ছেন তাঁরা। চলতি (এপ্রিল) মাসজুড়েই এ অবস্থা বিরাজ করেছে।
বিদ্যুৎ বিভাগ চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, জাতীয় গ্রিড থেকে চাহিদার অনেক কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ৩২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ১৪ থেকে সাড়ে ১৫ মেগাওয়াট। ফলে কখনো কখনো একসঙ্গে দু-তিনটি ফিডার লোডশেডিংয়ের আওতায় রাখতে হচ্ছে। কখনো ঘণ্টা খানেকের বেশি সময় লোডশেডিং করতে হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা চালকল মিল মালিক গ্রুপের সভাপতি এরফান আলী বলেন, অটো ও সেমি অটো মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫০টি চালকল রয়েছে। বিদ্যুতের অভাবে এসব চালকলের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তিনি আরও বলেন, ‘আমার নিজের কারখানাতেই প্রতিদিন উৎপাদন হয় চার হাজার বস্তা চাল। বিদ্যুতের অভাবে প্রায় এক মাস ধরে উৎপাদন দুই হাজার বস্তারও নিচে নেমে এসেছে। বিদ্যুতের ওঠা-নামায় কোটি কোটি টাকা মূল্যের যন্ত্রপাতিও হুমকির মুখে পড়েছে। চাহিদা মোতাবেক সময়মতো গ্রাহকদের চাল সরবরাহ করতে না পারায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ তিনি জানান, এ মিল থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন জেলায় চাল সরবরাহ করা হয়। বিদ্যুতের এই ঘাটতিতে তিনি ভীষণ সমস্যায় আছেন।
মিল মালিক গ্রুপের সভাপতি আরও বলেন, জেলার বড় ও মাঝারি মিল ছাড়াও রয়েছে প্রায় ৪০০ চাতাল মিল। এসব মিলের উৎপাদনও বিপর্যয়ের মধ্যে পড়েছে। এ ছাড়া জেলার বহু ক্ষুদ্র ও কুটিরশিল্প কারখানার উৎপাদনও কমে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের অভাবে রোগীদের ভোগান্তি বেড়ে গেছে। এ হাসপাতালে জেনারেটর না থাকায় বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার কথা হয় সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি নাচোলের মাক্তাপুর গ্রামের আমির খাঁ (৬৮) ও সদর উপজেলার কালীনগর গ্রামের ইসরাইল হকের (৬৫) সঙ্গে। তাঁরা বলেন, দিনের মধ্যে বহুবার লম্বা সময় ধরে বিদ্যুৎ থাকে না। এতে রোগীদের কষ্টের সীমা নেই।
এদিকে গতকাল রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া, মহেশপুর, লক্ষ্মীকোলাসহ চান্দাইকোনা ও ঘুড়কা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেচ মৌসুম প্রায় শেষ হওয়ার পথে। লোকজন ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু অসময়ে ভয়াবহ লোডশেডিংয়ে পড়তে হয়েছে তাঁদের। এমনকি মধ্যরাত বা শেষরাতেও লোডশেডিং হচ্ছে। বৈশাখের এ গরম আবহাওয়ার সঙ্গে অসহনীয় লোডশেডিংয়ে প্রায় অচল হয়ে পড়েছে মানুষের জীবন।
ধানগড়া এলাকার গৃহবধূ জাহানারা বেগম বলেন, দিনে-রাতে একটু পরপর বিদ্যুৎ যাচ্ছে। যাওয়ার নিশ্চয়তা থাকলেও বিদ্যুৎ আসার নিশ্চয়তা নেই। গরমে বিদ্যুতের এমন ভেল্কিবাজিতে ছেলেমেয়ে নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে বলে জানান তিনি।
ধানগড়া বাজারের স্টার কম্পিউটার্সের মালিক শাহিনুল ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় কাজকর্ম বাদ দিয়ে বসে বসে সময় কাটাতে হচ্ছে।
এদিকে গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যুতের দাবিতে ধানগড়া নতুন চৌরাস্তায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেওয়া শরিফুল আলম বলেন, রায়গঞ্জে বিদ্যুৎ-সংকট প্রকট। প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের দাবি নিয়ে তাঁরা রাস্তায় নেমেছেন বলে জানান শরিফুল আলম।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাতী আঞ্চলিক কার্যালয়ের একটি সূত্র জানায়, বর্তমানে এই কার্যালয়ের অধীন রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকায় বিদ্যুতের চাহিদা ২৬ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া হচ্ছে ৮-৯ মেগাওয়াট। প্রচণ্ড গরমে সরবরাহ লাইনেও বিভিন্ন সমস্যা হচ্ছে। তাই লোডশেডিং বেশি হচ্ছে।
এ বিষয়ে ওই কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামিম খান বলেন, রায়গঞ্জে অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা করা হচ্ছে।