গরম খুন্তির ছ্যাঁকাসহ নানাভাবে নির্যাতন করতেন এসআইয়ের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোমেলা খাতুন পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তার ওপর নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিয়েছে।গতকাল সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজন বড়ুয়া ১৬১ ধারায় বক্তব্যটি রেকর্ড করেন। এ সময় রোমেলার বড় ভাই আলিম খান ও ভাবি মালা খাতুন উপস্থিত ছিলেন। হাসপাতালে রোমেলার বক্তব্য রেকর্ড করার পর ওসি বিজন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘পত্রপত্রিকায় প্রকাশিত খবরের সঙ্গে রোমেলার বর্ণনার সম্পূর্ণ মিল পাওয়া গেছে। আমরা আদালতে নিয়ে মেয়েটির জবানবন্দি রেকর্ড করতে চেয়েছিলাম। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে না ছাড়ায় সেটি সম্ভব হয়নি। তাই হাসপাতাল থেকে ১৬১ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে মেয়েটির আত্মীয়স্বজন, প্রতিবেশী, স্থানীয় থানা ও মামলার আসামির প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে।’ রোমেলার বর্ণনার বরাত দিয়ে বিজন বড়ুয়া বলেন, মূলত উপপরিদর্শক (এসআই) শাহেদ আলীর স্ত্রী সুইটি বেগম তার ওপর অত্যাচার চালাতেন। শাহেদ আলী এতে বাধা দিতে গেলে সুইটি তাঁকেও পেটানোর হুমকি দিতেন।রোমেলা তার জবানবন্দিতে জানায়, সুইটি বেগম তাকে কাজ করলেও পেটাতেন, না করলেও পেটাতেন। বেলুন, খুন্তি, চামচসহ হাতের কাছে যা পেতেন তাই দিয়ে পেটাতেন। একবার খুন্তির আঘাতে মাথা কেটে গিয়েছিল। রক্তে কাপড় ভিজে যায়। রক্ত শুকানোর পর সুইটি আবারও তাকে পেটান। একদিন হাত থেকে পড়ে প্লেট ভেঙে যাওয়ায় সুইটি তাকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেন। রোমেলা বলে, ‘মার খেয়ে একবার আমার ঠোঁট কেটে গিয়েছিল। ওই দিন সুইটি কাপড় সেলাই করার সুঁই-সুতা দিয়ে আমার ঠোঁট সেলাই করে দেন। সুইটি বেগম প্রায়ই তাকে বলতেন, ‘তোকে মেরে ড্রেনে ফেলে দিব। তোর বাবাকে দুই লাখ টাকা দিলে আমার আর কিছুই হবে না।’ নির্যাতনের কথা দারোগাকে (শাহেদ আলী) জানালে সুইটি বেগম তাকে আরও পেটাতেন। দারোগা তাকে মারধর করতে নিষেধ করলে তিনি দারোগাকেও পেটানোর হুমকি দিতেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-মারামারিও হয়েছে।এ ঘটনায় চট্টগ্রামের পুলিশ এসআই শাহেদ আলীর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পাবনার সাঁথিয়া থানা পুলিশ তাঁদের খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছে। সাঁথিয়া থানার ওসি এস এম বজলুর রশিদ বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামের ইয়াজ উদ্দিনের মেয়ে রোমেলা সীতাকুণ্ড থানার এসআই শাহেদ আলীর বাসায় কাজ করত। সেখানে শাহেদের স্ত্রী সুইটি বেগম তার ওপর নির্যাতন চালাতেন। এ ঘটনায় রোমেলার বাবা ইয়াজ উদ্দিন বাদী হয়ে শাহেদ আলী ও তাঁর স্ত্রী সুইটি বেগমকে আসামি করে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হয়।